ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের বিশিষ্ট আলেম, ঐতিহ্যবাহী দারুল উলুম অলৈতলী ও কাতিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা হাজী ইমদাদুল্লাহর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক শোকবার্তায় সিসিক প্রশাসক বলেন, মাওলানা ইমদাদুল্লাহ দীর্ঘদিন ধরে ইলম, শিক্ষা ও দ্বীনি খেদমতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁর ইন্তেকালে সিলেট ও সুনামগঞ্জের দ্বীনি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি বলেন, মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে দ্বীনি অঙ্গন একজন প্রবীণ আলেমকে হারিয়েছে। একই সঙ্গে কাতিয়া মাদরাসার শায়খে কাতিয়া (র.)-এর ইলমি ও আধ্যাত্মিক ঐতিহ্যের একজন গুরুত্বপূর্ণ উত্তরসূরিকেও হারিয়েছে।
প্রসঙ্গত, বুধবার (৯ সেপ্টেম্বর) গ্রামের বাড়িতে হঠাৎ অসুস্থ বোধ করলে মাওলানা ইমদাদুল্লাহকে দ্রুত সিলেট নগরীর আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সম্প্রতি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কা মুকাররমায় অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রায় দুই সপ্তাহ আগে দেশে ফিরে সিলেটে চিকিৎসাধীন ছিলেন তিনি।
শোকবার্তায় সিসিক প্রশাসক মরহুম মাওলানা ইমদাদুল্লাহর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




