সংগৃহিত
সিলেটের গোয়াইনঘাট উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে শিক্ষার্থী ঝরে পড়ামুক্ত করার লক্ষ্যে অংশীজনদের নিয়ে অগ্রগতি ও সহভাগিতা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর গোয়াইনঘাট এপি’র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার শেলী তেরেজা কস্তার সভাপতিত্বে এবং প্রোগ্রাম অফিসার মুহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাটের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, একটি আদর্শ ও সমৃদ্ধ উপজেলা গঠনে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোয়াইনঘাটকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে শিক্ষার্থী ঝরে পড়ামুক্ত করতে প্রশাসন বদ্ধপরিকর।
তিনি বলেন, শিশু সুরক্ষায় ওয়ার্ল্ড ভিশনের এ সামাজিক উদ্যোগ প্রশংসনীয়। তবে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় সুশীল সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।
সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে গোয়াইনঘাট উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের পুনরায় শিক্ষার আওতায় ফিরিয়ে আনার ক্ষেত্রে এ পর্যন্ত অর্জিত অগ্রগতি, বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তারা গোয়াইনঘাটকে একটি পূর্ণাঙ্গ শিশু সুরক্ষাবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




