ছবি:সংগৃহীত
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের একটি ক্ষেত থেকে আসিদ আলী (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত আসিদ আলী বাগিরঘাট গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি তিন ছেলে ও তিন মেয়ের জনক।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা থেকে আসিদ আলী নিখোঁজ ছিলেন। স্থানীয় বুধবারীবাজারে যাওয়ার পর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সন্ধান চেয়ে সহযোগিতা কামনা করা হয়।
নিখোঁজের খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই সজল চন্দ্র দাশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বৃদ্ধের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ নেন।
এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের একটি ক্ষেতের জমিতে ঘাস দিয়ে ঢাকা অবস্থায় আসিদ আলীর মরদেহ দেখতে পান তারা।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার ওসি ছবেদ আলী, এসআই সজল চন্দ্র দাশসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের অভিযোগ, বৃদ্ধকে হত্যা করে মরদেহ ক্ষেতের জমিতে ফেলে ঘাস দিয়ে ঢেকে রাখা হয়ে থাকতে পারে। ঘটনাটি হত্যাকাণ্ড কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি ছবেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




