ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে তিনটি মোটরসাইকেল আটক করে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জগন্নাথপুর থানার সামনের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও আইন মেনে চলা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের সময় সড়কে চলাচলকারী কয়েকটি মোটরসাইকেল থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিভিন্ন বিষয় যাচাই করা হয়।
এ সময় আইনগত অনিয়ম পাওয়ায় তিনটি মোটরসাইকেল আটক করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের ফলে সড়কে চলাচলকারী অন্যান্য যানবাহনের চালকদের মধ্যেও সচেতনতা তৈরি হয়।
অভিযানে জগন্নাথপুর থানার এসআই মো. মতিউর রহমান, এসআই মুস্তাফির রহমান বিশ্বাস এবং ট্রাফিক পুলিশের এসআই লোকমান হোসাইনসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানবাহন চলাচলে নিয়ম-শৃঙ্খলা নিশ্চিত করা এবং চালকদের আইন মেনে চলতে উৎসাহিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা এবং সড়ক পরিবহন আইন মেনে চলার বিষয়ে সতর্ক করা হচ্ছে।
স্থানীয়রা পুলিশের এ ধরনের অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, নিয়মিত অভিযান পরিচালনা করা হলে সড়কে অনিয়ম কমার পাশাপাশি যানবাহন চলাচলে শৃঙ্খলা আরও বৃদ্ধি পাবে।
পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




