‘মতপার্থক্য থাকুক, মৌলিক বিষয়ে ঐক্য চাই’- রাষ্ট্রপতি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ PM

‘মতপার্থক্য থাকুক, মৌলিক বিষয়ে ঐক্য চাই’- রাষ্ট্রপতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৬ ০৯:০৮:২৪ PM

‘মতপার্থক্য থাকুক, মৌলিক বিষয়ে ঐক্য চাই’- রাষ্ট্রপতি

ছবি:সংগৃহীত


অনেক ত্যাগ ও প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ এসেছে। ‘মতপার্থক্য থাকুক, মৌলিক বিষয়ে ঐক্য চাই’।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নগরভবনে আয়োজিত নাগরিক সংবর্ধনায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র রক্ষায় সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করতে হবে। সংসদকে কার্যকর করতে হবে। নানা বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে, তবে মৌলিক বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছাতে হবে।

তিনি বলেন, ‘আগামীর লড়াই দেশকে পুনর্গঠন ও গণতন্ত্রকে শক্তিশালী করার। আগামী প্রজন্মকে একটি সমৃদ্ধ দেশ উপহার দেওয়ার।’

রাষ্ট্রপতি আরও বলেন, ‘এই দেশ অনেকবার হোঁচট খেয়েছে। আজ আবার দেশ গঠনের সুযোগ এসেছে। আমরা যেন এই সুযোগ না হারাই। আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে।’

সিলেট প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, ‘সিলেট আমার কাছে অত্যন্ত প্রিয় একটি জায়গা। আমি যখনই সুযোগ পাই, তখনই সিলেটে আসি। সিলেটে যতবার এসেছি, আপনাদের উষ্ণ আতিথেয়তা পেয়েছি। আমাদের চরম দুঃসময়েও আপনারা আমাদের পাশে ছিলেন।’

তিনি বলেন, ‘সিলেটের মানুষের সঙ্গে অতীতে ছিলাম, আগামীতেও থাকব। ইনশাআল্লাহ, সিলেটের মানুষ আগামীতে দেশের নেতৃত্ব দেবে।’

সিলেটে নানা জাতিগোষ্ঠীর মানুষের বসবাসের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি আর কোথাও নেই।

বক্তব্যের শুরুতে তিনি বলেন, ‘আগে রাজনৈতিক কর্মী হিসেবে যেভাবে আপনাদের সঙ্গে কথা বলতাম, এখন সেভাবে পারি না। কারণ আমি শপথ নিয়েছি, আমি সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব, কথা বলব।’

সিলেটকে গর্বের জায়গা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এখানে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) শায়িত আছেন। শ্রীচৈতন্য দেবের স্মৃতিও সিলেটে রয়েছে।

তিনি বলেন, হাছন রাজা, রাধারমন দত্ত, শীতালাং শাহ, শাহ আব্দুল করিম ও হেমাঙ্গ বিশ্বাসের মতো গুণী ব্যক্তিরা সিলেটে জন্ম নিয়েছেন। এমএজি ওসমানী, সাইফুর রহমান, এমএ খান ও ইলিয়াস আলীর মতো নেতারাও এই অঞ্চলের সন্তান।


রাষ্ট্রপতি বলেন, ‘সিলেটের আলাদা সংস্কৃতি রয়েছে। সিলেটের চা-বাগানের খ্যাতি সারাবিশ্বে রয়েছে। সিলেটের প্রবাসীরা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছেন। সিলেটের মানুষ একইসঙ্গে শান্তিপ্রিয় ও প্রতিবাদী।’

তিনি প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, সিলেটে বিনিয়োগের অনেক সম্ভাবনা রয়েছে। এখানে শিল্প গড়ে তোলারও ব্যাপক সুযোগ রয়েছে।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, হুইপ জিকে গউছ প্রমুখ।

এর আগে মঙ্গলবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম সিলেট সফর। এ সময় তাঁর স্ত্রীও সফরসঙ্গী হিসেবে সঙ্গে ছিলেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

‘মতপার্থক্য থাকুক, মৌলিক বিষয়ে ঐক্য চাই’- রাষ্ট্রপতি
গোলাপগঞ্জের বাগিরঘাটে ক্ষেত থেকে বৃদ্ধের ম র দে হ উ/দ্ধার
যে ক্ষো/ভে রাষ্ট্রপতির সংবর্ধনা ব/য়কট করলেন বিএনপি নেতারা
গোয়াইনঘাটে বিলের পানি আটকে আমন চাষে বাধা, ভোগান্তিতে শতাধিক কৃষক
শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত শেষে সিসিকের সংবর্ধনায় রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা ব/য়কট করল সিলেট মহানগর বিএনপি
সিলেটে হামের প্রকোপে আরেকজনের প্রা'ণহা'নি
বিলুপ্তির পথে মাধবপুরের ঐতিহ্যবাহী ফিল্টার শিল্প
আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন, সেবা মিলছে ৩১ শয্যার
রাষ্ট্রপতির সিলেট আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি, মাঠে ১২০০ পুলিশ