ছবি:সংগৃহীত
ভাষা, সংস্কৃতি, ভূমি ও মৌলিক অধিকার নিশ্চিত করাসহ ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও নতুন গেজেট সংশোধনের দাবি জানিয়েছেন হবিগঞ্জের চা শ্রমিকরা।
এ দাবিতে মাধবপুর উপজেলার পাঁচটি এবং চুনারুঘাট উপজেলার ১৮টি চা বাগানে বসবাসরত চা শ্রমিকদের পক্ষ থেকে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুরে সংসদ সদস্যের পরিদর্শন কার্যালয়ে চা শ্রমিকদের প্রতিনিধিরা তাঁর কাছে এ স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে চা শ্রমিকরা জানান, ব্রিটিশ শাসনামলে ভারতের বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, ঝাড়খণ্ডসহ বিভিন্ন অঞ্চল থেকে নিজেদের ভিটেমাটি ছেড়ে এ অঞ্চলে চা শ্রমিক হিসেবে আসেন তাদের পূর্বপুরুষরা। প্রজন্মের পর প্রজন্ম ধরে চা উৎপাদনের সঙ্গে যুক্ত থেকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বর্তমানে নিজেদের ভাষা, সংস্কৃতি ও জাতিসত্তার স্বতন্ত্র পরিচয় হারিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন তারা।
চা শ্রমিকদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে-নিজস্ব ভাষা ও সংস্কৃতির স্বীকৃতি ও সংরক্ষণ, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, ভূমির অধিকার প্রতিষ্ঠা, ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি এবং সংশ্লিষ্ট গেজেট সংশোধন।
স্মারকলিপি গ্রহণ করে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, চা শ্রমিকরা যেন নিজেদের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বাংলাদেশে সমান সুযোগে সুনাগরিক হিসেবে জীবনযাপন করতে পারেন, সে বিষয়ে তিনি জাতীয় সংসদে তাদের অধিকার নিয়ে বক্তব্য রেখেছেন।
তিনি বলেন, চা বাগানের শ্রমিকরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার।
চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও তাদের অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস দেন সংসদ সদস্য।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




