ছবি:সংগৃহীত
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার খোজিন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের কার্যালয়ে সংগঠনটির প্রশাসক ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সর্বশেষ অগ্রগতি নিয়েও আলোচনা হয়। রাষ্ট্রদূত জানান, প্রকল্পের কারিগরি বিষয়গুলো দ্রুত সমাধানের লক্ষ্যে প্রায় চার হাজার রুশ বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করছেন।
এ সময় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে যৌথ ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠনে মস্কো চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি। পাশাপাশি মস্কোতে রাশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজনের পরিকল্পনার কথা জানান রাষ্ট্রদূত।
তিনি বলেন, নভেম্বরের শুরুতে ঢাকায় অনুষ্ঠেয় আন্তসরকার কমিশনের বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
রাষ্ট্রদূত আরও জানান, দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে মস্কোতে বিজনেস ফোরাম আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের প্রোফাইলের ভিত্তিতে সরাসরি বিটুবি বৈঠকসহ বিভিন্ন সেশনের আয়োজন করা হবে।
বৈঠকে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বাড়াতে তৈরি পোশাকের পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় খাতে নজর দেওয়ার আহ্বান জানান এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক। তিনি ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, সিরামিক এবং রাশিয়ায় মানবসম্পদ রপ্তানির ওপর গুরুত্বারোপ করেন।
জবাবে রুশ রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে জেনেরিক ওষুধ আমদানির বিষয়ে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রক্রিয়াগত ও আইনি বিষয় পর্যালোচনা করছে। এ ছাড়া রাশিয়ার তীব্র শীতের উপযোগী ভারী জুতা ও চামড়াজাত পণ্যেরও দেশটিতে ভালো চাহিদা রয়েছে।
কৃষি, মৎস্য, জাহাজ নির্মাণ ও সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া প্রায় তিন হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা দিয়েছে বলেও জানান আলেক্সান্দার খোজিন।
প্রসঙ্গত, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সম্প্রতি আলোচনা হয়েছে। ১৪ সেপ্টেম্বর ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনাম ও রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভের বৈঠকেও প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




