সংগৃহিত
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন সমস্যা মোকাবিলার পাশাপাশি দেশের মানুষের জীবনমান উন্নয়নে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।
শনিবার দুপুরে চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি ফয়সল বলেন, বিগত সরকার দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে দিয়ে গেছে। দীর্ঘদিন দেশে পরিকল্পিত উন্নয়ন হয়নি। রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো নষ্ট হয়ে গেছে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে এসব পরিস্থিতির উন্নয়নে কাজ করছে। চা শ্রমিকসহ দরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন জনবান্ধব কর্মসূচি নেওয়া হয়েছে। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় উপকরণ ও সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজসহ চা শ্রমিক নেতারা।
অনুষ্ঠানে এমপি ফয়সল আরও বলেন, চা শ্রমিকরা দেশের অর্থনীতি ও চা শিল্পের গুরুত্বপূর্ণ অংশ। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তাঁরা বাগানে কাজ করেন। তাঁদের জীবনমান উন্নয়ন ও কর্মপরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। শ্রমিকদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার কথাও জানান তিনি।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
এর আগে শনিবার সকালে চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অভিযানে ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কোথাও যাতে পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। নিয়মিত বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার রাখলে এডিস মশার বিস্তার কমানো সম্ভব।
পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে এমপি ফয়সলও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




