একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ PM

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৬ ১১:০৬:৪৪ AM

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র

সংগৃহীত


২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি শুরু হচ্ছে আজ। রোববার (২০ সেপ্টেম্বর) থেকে নির্বাচিত শিক্ষার্থীদের সশরীরে কলেজে গিয়ে নির্ধারিত ফি ও কাগজপত্র জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। এ প্রক্রিয়া চলবে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হয়। এতে কোন শিক্ষার্থী কোন কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেলো, তার চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

একাদশে ভর্তিতে যেসব কাগজপত্র লাগবে:

এবার একাদশ শ্রেণিতে ভর্তির সময় শিক্ষার্থীদের সঙ্গে কয়েকটি প্রয়োজনীয় কাগজপত্র রাখতে হবে। সেগুলো হলো- এসএসসি পরীক্ষার মার্কসশিট ও সার্টিফিকেটের কপি; এসএসসি পরীক্ষার প্রবেশপত্র; দুই থেকে চার কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি; অনলাইন আবেদন নিশ্চায়নের কপি; শিক্ষার্থী ও অভিভাবকের মোবাইল ফোন নম্বর।

কোন কলেজে ভর্তি ফি কত?

শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী- এবার একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রতিষ্ঠানভেদে সর্বনিম্ন ফি ১ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ ফি ৮ হাজার ৫০০ টাকা। এমপিও, নন-এমপিও, বাংলামাধ্যম ও ইংরেজি ভার্সন এবং বিভাগীয় শহর ও মফস্বল এলাকাভেদে এ ফি কম-বেশি নির্ধারণ করা হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সন সর্বোচ্চ ফি ৫ হাজার টাকা। ঢাকা বাদে অন্যান্য মেট্রোপলিটন বা বিভাগীয় শহরের প্রতিষ্ঠানে একাদশে ভর্তি ফি সর্বোচ্চ ৩ হাজার টাকা। জেলা পর্যায়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকার এমপিওভুক্ত কলেজে ভর্তি ফি সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা নন-এমপিও ও আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সন সর্বোচ্চ ফি ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সন সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা। জেলা সদর এলাকায় বাংলা ভার্সন ৩ হাজার এবং ইংরেজি ভার্সন ৪ হাজার টাকা। উপজেলা ও মফস্বল এলাকার কলেজে বাংলা ভার্সনে ফি ২ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা।

ভর্তিতে ৭ শতাংশ কোটা

ভর্তি নীতিমালা অনুযায়ী, সব শিক্ষাপ্রতিষ্ঠানের মোট আসনের ৯৩ শতাংশ সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম তৈরি করে এসব আসনে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

বাকি ৭ শতাংশ আসনের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে। এ কোটাপদ্ধতি শুধু ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে।

গত ১৬ সেপ্টেম্বর একাদশে ভর্তির ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেন। তাদের মধ্যে প্রথম ধাপে মোট ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পায়।এরপর তাদের নিশ্চায়ন করতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে নিশ্চায়ন করেছে ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ জন শিক্ষার্থী। বাকি ১ লাখ ২৭ হাজার ৩৭৪ জন নিশ্চায়ন করেনি। ফলে তারা প্রথম ধাপে একাদশে ভর্তি থেকে ছিটকে পড়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান  বলেন, যারা নিশ্চায়ন করেনি, তাদের প্রাথমিক মনোনয়ন বাতিল হয়েছে। এখন তাদের ভর্তির জন্য পুনরায় আবেদন করতে হবে। আমরা প্রথম ধাপে নির্বাচিত ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ জন শিক্ষার্থী ভর্তির পর আবার আরেক দফা আবেদন নেবো। সেসময় তারা আবেদন করে ভর্তির সুযোগ পাবে।

জৈন্তাবার্তা/ সুলতানা