ছবি:সংগৃহীত
রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় সংসদ সদস্য ও তাঁর প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইবনে মিজান।
পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে ঝুলন্ত মরদেহ থাকার খবর পেয়ে শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সিআইডি, পিবিআই ও ডিবির সদস্যরাও সেখানে উপস্থিত হন। ফ্ল্যাটটি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বলে পুলিশ জানতে পারে।
ডিসি ইবনে মিজান জানান, সিআইডির সদস্যরা ঘটনাস্থলে ক্রাইম সিনের কাজ করেছেন এবং থানা-পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে পরিচয় নিশ্চিত হয়ে জানা যায়, মরদেহটি সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের।
মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে তিনি ভিডিওতে থাকা তরুণীকে তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন বলে পরিচয় দেন। এর পরিপ্রেক্ষিতে গত ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। দলটির পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের কাছে চিঠিও দেওয়া হয়।
মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে পুলিশ এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহসহ তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য এমপি গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে থানায় নেওয়ার বিষয়টি তদন্তের অংশ হিসেবেই দেখা হচ্ছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




