কমিউনিটি আই কর্নারে মিলছে না কাঙ্ক্ষিত চোখের সেবা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ PM

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

কমিউনিটি আই কর্নারে মিলছে না কাঙ্ক্ষিত চোখের সেবা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৯/২০২৬ ১১:১০:০০ PM

কমিউনিটি আই কর্নারে মিলছে না কাঙ্ক্ষিত চোখের সেবা

সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি আই কর্নারে চোখের সমস্যা নিয়ে আসা রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। নামমাত্র পরীক্ষা-নিরীক্ষার পর অধিকাংশ রোগীকেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে রেফার করে দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে চোখের ড্রপ ও চশমা সরবরাহ বন্ধ থাকায় প্রয়োজনীয় এসব সেবাও মিলছে না বলে অভিযোগ রোগীদের।

২০২৩ সালের শেষ দিকে কমিউনিটি আই কর্নারটি চালু হওয়ার পর কিছুদিন সেবা কার্যক্রম স্বাভাবিক থাকলেও পরবর্তী সময়ে ধীরে ধীরে সেখানে স্থবিরতা দেখা দেয়। বর্তমানে দূরদূরান্ত থেকে চোখের সমস্যা নিয়ে রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলেও অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কমিউনিটি আই কর্নারে বর্তমানে রোগীদের প্রাথমিক পর্যায়ে চোখ পরীক্ষা করা হলেও প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ সরবরাহের সুযোগ সীমিত। বিশেষ করে দীর্ঘদিন ধরে চোখের ড্রপ ও চশমা না থাকায় রোগীদের ভোগান্তি বেড়েছে।

কমিউনিটি আই কর্নারে অপথালমিস্ট নার্স হিসেবে কর্মরত সিনিয়র স্টাফ নার্স (এসএসএন) রুহিলা খাতুন জানান, চোখের ড্রপ ও চশমা সরবরাহ বন্ধ রয়েছে। তবে ঠিক কবে থেকে এসব সরবরাহ বন্ধ, তা তিনি সুনির্দিষ্টভাবে জানাতে পারেননি।

তিনি বলেন, বর্তমানে রোগীদের পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো রোগীর জটিলতা থাকলে উচ্চতর চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে পাঠানো হচ্ছে।

জানা গেছে, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন অপথালমিস্ট কর্মরত রয়েছেন। তাঁদের একজন হাফিজা খাতুন বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে থাকায় রুহিলা খাতুনকেই একা আই কর্নারের কার্যক্রম সামলাতে হচ্ছে।

এ অবস্থায় প্রতিদিন চোখের বিভিন্ন সমস্যা নিয়ে আসা রোগীদের বড় একটি অংশ প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ না পেয়েই ফিরে যাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, উপজেলা পর্যায়ে প্রাথমিক চক্ষু চিকিৎসার সুবিধা পাওয়ার আশায় দূরদূরান্ত থেকে হাসপাতালে এলেও কার্যকর সেবা না পাওয়ায় তাঁদের শেষ পর্যন্ত সিলেটসহ বিভিন্ন স্থানে যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ—দুই-ই বেশি ব্যয় হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. জাহাঙ্গীর আলম কমিউনিটি আই কর্নারের বর্তমান অচলাবস্থার কথা স্বীকার করেন। তিনি জানান, পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে এবং দ্রুতই সেবার মানোন্নয়ন করা হবে।

স্থানীয়দের দাবি, শুধু রোগী পরীক্ষা করে উচ্চতর হাসপাতালে রেফার করে দেওয়ার মধ্যে কমিউনিটি আই কর্নারের কার্যক্রম সীমাবদ্ধ না রেখে নিয়মিত চক্ষু চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ছুটিতে থাকা জনবলের বিকল্প ব্যবস্থা করে আই কর্নারে পর্যাপ্ত জনবল নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ: