শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানিয়েছেন, ২০২৯ সালের মাঝমাঝি সময়ের মধ্যে সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়ক চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের কুশিয়ারা কনভেনশন হলে সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, বিগত সরকারগুলোর আমলে সিলেট-ঢকা মহাসড়ক ছয় লেনের কাজ আটকে ছিল। সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেন প্রকল্প ৫/৬ বছর আগে, বিগত সরকারের আমলে পরিকল্পনা নিলেও কাজের কাজ কিছুই হয়নি। আমরা যখন দায়িত্ব নেই, অর্ন্তবর্তী সরকারের দুই বছরের মেয়াদ শেষে, তখন এই সড়কের অগ্রগতি ছিলো ৭ থেকে ৮ শতাংশ। জমি অধিগ্রহণই হয়নি, কাজ হবে কীভাবে? ইনশাআল্লাহ ২০২৯ এর মাঝামাঝি এই সড়কের কাজ শেষ হবে। এবং ১২ মাস পর রাস্তায় অবয়ব আপনাদের কাছে স্পষ্ট হবে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার এই প্রকল্পকে বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুততার সাথে সম্পন্নের চেষ্টা করছে। এখন ভূমি অধিগ্রহণসহ সড়কের কাজে গতি পেয়েছে। এছাড়া সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমার যে জায়গায় নতুন বিসিক হচ্ছে সে-ই সড়ককে চার লেনে উন্নীত করা হবে।
জৈন্তাবার্তা/আরআর




