সংগৃহীত
বিয়ের দাওয়াতে যাওয়ার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। এখনো নিখোঁজ রয়েছেন আরও একজন।
তলিয়ে যাওয়ার দুদিন পর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে এবং শনিবার সকাল সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
উদ্ধারকৃত মরদেহগুলো সজিব, সামিয়া এবং শিশু সামিনের। তবে এ ঘটনায় তাদের বাবা হেলাল উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন।বৈদ্যারবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনের নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
আব্দুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজ চারজনের মধ্যে একজনের মরদেহ রাত ৩টায় এবং দুজনের সকাল সাড়ে আটটার সময় উদ্ধার হয়েছে। তবে নিখোঁজ বাবা হেলাল উদ্দিনের সন্ধান এখনো মেলেনি। আমরা কাজ করছি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কুমিল্লা জেলাসহ বিভিন্ন স্থান থেকে ১৪ জন মানুষ নিয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নে বিয়েতে অংশ নিতে ট্রলারে করে রওনা দেন তারা। দুপুর আনুমানিক ২টার সময়ে ট্রলারযোগে সোনাময়ী এলাকায় পৌঁছানো মাত্রই ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ঘটনার সময়া ঘটনাস্থলের কাছাকাছি থাকা আমান কোম্পানির একটি ট্রলার দ্রুত নয়জনকে জীবিত এবং রায়েসা বেগম (৪০) নামের এক নারীকে মৃত অবস্থায় উদ্ধার করে।
জৈন্তাবার্তা/ সুলতানা




