ছবি:সংগৃহীত
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের উদ্যোক্তারা শুধু ব্যবসা-বাণিজ্যেই সীমাবদ্ধ নেই; নিজেদের কর্ম ও উদ্যোগের মাধ্যমে তারা সিলেটের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে সিলেটের নিজস্ব ব্র্যান্ড ও জনপ্রিয় প্রতিষ্ঠান ‘সিলেট স্বাগত মিষ্টি ঘর’-এর উদ্যোগে এতিম শিশুদের জন্য দুপুরের খাবার পরিবেশন ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কয়েস লোদী বলেন, সিলেটের মাটি থেকে গড়ে ওঠা বিভিন্ন প্রতিষ্ঠান এখন দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী পরিচিতি অর্জন করছে। এটি সিলেটবাসীর জন্য গর্বের বিষয়। একজন উদ্যোক্তার সফলতা শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; এর সঙ্গে একটি অঞ্চল, একটি শহর ও একটি সংস্কৃতির পরিচয়ও ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, সিলেটী উদ্যোক্তাদের সৃজনশীলতা, পরিশ্রম ও ব্যবসায়িক উদ্যোগ সিলেটের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনের মাধ্যমে একটি প্রতিষ্ঠান মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে পারে।
মানবিক এ উদ্যোগের প্রশংসা করে সিউক চেয়ারম্যান বলেন, ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক উদ্যোক্তার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকলে বিশ্বের বিভিন্ন প্রান্তে সিলেটের পরিচিতি আরও বিস্তৃত হবে।
অনুষ্ঠানে অতিথিরা এতিমখানার শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করেন। পরে প্রতিষ্ঠানটির সার্বিক কল্যাণ ও সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




