ছবি:সংগৃহীত
সিলেট লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেছেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক প্রশাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, দেশ ও জাতির স্বার্থে আমাদের ন্যায়ের পক্ষে থাকতে হবে। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সৎ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ইনসাফ, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণের মাধ্যমে একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে সবাইকে কাজ করতে হবে।
গতকাল রাতে সিলেট নগরের জিন্দাবাজারের একটি অভিজাত হোটেলের হলরুমে গ্রীনফোর্স বাংলাদেশ সিলেট জেলা কমিটির অভিষেক-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গ্রীনফোর্স বাংলাদেশ সিলেট জেলা কমিটির সভাপতি আয়কর আইনজীবী বাহা উদ্দিন বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সহসভাপতি অ্যাডভোকেট ছলমান উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গ্রীনফোর্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিকায়েল রহমান। তিনি বলেন, দেশ নিয়ে সাধারণ মানুষের যে স্বপ্ন রয়েছে, সেই স্বপ্ন পূরণে এবং একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকার অ্যাসোসিয়েট প্রফেসর ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম অচিনপুরী বলেন, বৈষম্যহীন সমাজ গঠন, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবে গ্রীনফোর্স বাংলাদেশ। তিনি বিভিন্ন সময় গান ও বক্তব্যের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরেছেন বলেও উল্লেখ করেন।
সাবেক অধ্যক্ষ, মদন মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজ, সিলেট লে. কর্নেল (অব.) আতাউর রহমান পীর বলেন, একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্রই টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে পারে। টেকসই উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম প্রধান শর্ত হলো দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সেক্রেটারি অ্যাডভোকেট আফজালুর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন ড. মো. শহিদুল ইসলাম এস, উপদেষ্টা অ্যাডভোকেট ছালেহ আহমদ চৌধুরী, নির্বাহী সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট ফজলুর এহসান শিপু, সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন শফিক, তথ্য ও প্রচার সম্পাদক মাহফুজুর রহমান চৌধুরী, ইছাকলস ইউনিয়নের চেয়ারম্যান ও সংগঠনের নির্বাহী সদস্য সাজ্জাদুর রহমান সাজু এবং সংগঠনের সদস্য অলিউল্লাহসহ অন্যরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মুফতি ফয়জুল হক। জাতীয় সংগীত পরিবেশন করেন অ্যাডভোকেট শামীম আহমদসহ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে গ্রীনফোর্স বাংলাদেশ সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দ, সদস্য, আইনজীবী, চিকিৎসক, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




