আনোয়ারুজ্জামানের সাবেক এপিএস শহীদের বিরুদ্ধে দুদকের মামলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ PM

আনোয়ারুজ্জামানের সাবেক এপিএস শহীদের বিরুদ্ধে দুদকের মামলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১০/২০২৬ ০৫:৩৩:০২ PM

আনোয়ারুজ্জামানের সাবেক এপিএস শহীদের বিরুদ্ধে দুদকের মামলা

সংগৃহিত


সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. সহিদুল ইসলাম চৌধুরী ওরফে শহীদ চৌধুরীর বিরুদ্ধে প্রায় তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুদক সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে শহীদ চৌধুরীর নামে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৮৯ লাখ ১০ হাজার ৭৫১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর সম্পদের হিসাব দাখিলের জন্য নোটিশ জারি করে দুদক।

এজাহারে বলা হয়, গত ৫ জানুয়ারি জারি করা ওই নোটিশ পাওয়ার পর বিধি অনুযায়ী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি। এমনকি সময় বাড়ানোর জন্যও কোনো আবেদন করেননি।

দুদকের অভিযোগ, এভাবে সম্পদ বিবরণী দাখিল না করে শহীদ চৌধুরী দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলাটি করা হয়।

প্রসঙ্গত, ২০২৩ সালের সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ার পর শহীদ চৌধুরীকে তাঁর এপিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আনোয়ারুজ্জামান চৌধুরী ও শহীদ চৌধুরী আত্মগোপনে চলে যান। বর্তমানে তাঁরা দুজনই যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


জৈন্তা বর্তা / ওয়াদুদ