জগন্নাথপুরে প্রধান শিক্ষক নছির আলীর বিদায় সংবর্ধনা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৬ PM

অরুণোদয় বালিকা উচ্চ বিদ্যালয়

জগন্নাথপুরে প্রধান শিক্ষক নছির আলীর বিদায় সংবর্ধনা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১০/২০২৬ ০৪:৫৬:৫৯ PM

জগন্নাথপুরে  প্রধান শিক্ষক নছির আলীর বিদায় সংবর্ধনা

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর এলাকার ঐতিহ্যবাহী অরুণোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নছির আলীর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের সম্মেলনকক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জুহেল মিয়ার সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল, প্রবাসী কামাল উদ্দিন, দৈনিক কালবেলার জগন্নাথপুর প্রতিনিধি সাংবাদিক গোবিন্দ দেব, মো. কয়ছর মিয়া ও অভিভাবক আব্দুল বাছিত সুমন।

শিক্ষকমণ্ডলী ও পরিচালনা কমিটির পক্ষ থেকে বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল হাসান, আবুল কালাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কুলদানন্দ বিশ্বাস এবং পরিচালনা কমিটির সদস্য আব্দুল মতিন, মুজিবুর রহমান ও আবু তাহের।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণির শিক্ষার্থী জাহানারা জান্নাত। পরে গীতাপাঠ করা হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন দশম শ্রেণির শিক্ষার্থী মেঘলা রানী বৈদ্য এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাইবা বেগম ও মিনহা বেগম।

বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক মো. নছির আলীর দীর্ঘ শিক্ষকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর অবদান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।

বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ৩০০ শিক্ষার্থী অধ্যয়নরত। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষক মো. নছির আলীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সভাপতি মো. জুহেল মিয়া ও আমন্ত্রিত অতিথিরা। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকেও প্রিয় শিক্ষককে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ