ছবি নিজস্ব
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইসহাকপুর দুর্গাপুর এলাকার অবহেলিত অধিবাসীরা দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা ৫০০ ফুট রাস্তা পাকাকরণ ও জরুরি সংস্কারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে সম্প্রতি জগন্নাথপুর পৌর প্রশাসক বরাবর একটি লিখিত আবেদনপত্র জমা দিয়েছেন এলাকাবাসী।
লিখিত আবেদনে এলাকাবাসী অভিযোগ করেন, ১ নং আবাসিক সড়কের প্রায় ৫০০ ফুট দীর্ঘ অংশটি বছরের পর বছর ধরে অত্যন্ত কাঁচা, খানাখন্দে ভরা ও যোগাযোগের অনুপযোগী হয়ে পড়ে আছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কটিতে কাদা-পানি জমে এক ভয়াবহ দুর্ভোগের সৃষ্টি হয়। ফলে স্কুল-কলেজগামী কোমলমতি শিক্ষার্থী, বয়োবৃদ্ধ, জরুরি চিকিৎসাসেবা প্রার্থী রোগী ও সাধারণ পথচারীদের প্রতিদিন যাতায়াতে চরম নাভিশ্বাস উঠছে। এছাড়া সড়কটিতে কোনো আলোর ব্যবস্থা না থাকায় রাতের আঁধারে প্রায়শই ছোট-বড় নানা দুর্ঘটনা ঘটছে বলে জানান স্থানীয়রা।
এলাকার চরম ভোগান্তির চিত্র তুলে ধরে স্থানীয় বাসিন্দা ও যুক্তরাজ্য প্রবাসী আজির আলী এবং প্রবাসী মো. পারভেজ হোসেন বলেন, গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। দীর্ঘ দিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় সময় ও অর্থ- দুটোরই ব্যাপক অপচয় হচ্ছে। এলাকার সার্বিক উন্নয়ন ও দ্রুত ভোগান্তি নিরসনে আমরা স্থানীয় সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
যোগাযোগ ব্যবস্থার এই সংকট নিয়ে জানতে চাইলে সহকারী প্রকৌশলী (সিভিল) জগন্নাথপুর পৌরসভা হেলাল আবেদীন বলেন, পৌরসভার পক্ষ থেকে সড়কটি পাকাকরণের জন্য ইতোমধ্যে মাপজোখ নেয়া হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে।
উল্লেখ্য, ভোগান্তি নিরসনে এলাকাবাসীর পক্ষে মোহাম্মদ আজির আলী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মনজুরুল কবির, মোহাম্মদ পারভেজ হোসেন হাবিবুর রহমান সেলু,আব্দুল হাকিম রুপন ও হাবিব বাহার বাবুলসহ এলাকার ২৮ জন গণমান্য ব্যক্তি সাক্ষরিত এই আবেদনটি জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়। তারা অতি দ্রুত রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করে স্থায়ী পাকাকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান।
জৈন্তাবার্তা/আরআর




