ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/১০/২০২৬ ০৩:৩০:০৮ অপরাহ্ন

ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল

সংগৃহিত


হবিগঞ্জের চুনারুঘাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী সায়হাম গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন পূজামণ্ডপে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে অর্থ তুলে দেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, বাংলাদেশ আবহমানকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত। এ দেশের মানুষ বিভিন্ন ধর্ম ও মতের অনুসারী হলেও পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করে আসছেন। এই ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।

তিনি বলেন, বিএনপি সরকার সবার ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাসকে সম্মান করে। ধর্ম পালন করা মানুষের সাংবিধানিক অধিকার। প্রত্যেক ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে সরকার আন্তরিক। শারদীয় দুর্গাপূজা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সৈয়দ মোহাম্মদ ফয়সল আরও বলেন, প্রধানমন্ত্রী সংসদীয় দলের সভায় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করার নির্দেশ দিয়েছেন। ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর সৃষ্ট গভীর সংকটের সময় চুনারুঘাট-মাধবপুরসহ সারা দেশে শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে কাজ করা হয়েছে।

তিনি বলেন, মাধবপুর ও চুনারুঘাটে কোনো চাঁদাবাজ ও দখলদারের ঠাঁই হবে না। বিএনপি সাম্য ও সমতার রাজনীতিতে বিশ্বাস করে। কারও ওপর জুলুম-নির্যাতন নয়, বরং সবার অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।

সংসদ সদস্য বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যেরও প্রতীক। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। পূজামণ্ডপে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

চুনারুঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণয় পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম নীট কম্পোজিটের এমডি সৈয়দ শাফকাত আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সায়হাম গ্রুপের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ: