দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

স্থানীয় সরকার নির্বাচন

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৬ ১২:০৭:২৯ পূর্বাহ্ন

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ

ছবি:সংগৃহীত


আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপি নেতা মো. নূরুল ইসলাম মনি। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বিএনপি।

রোববার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নূরুল ইসলাম মনি বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। তৃণমূল পর্যায় পর্যন্ত দলটির শক্তিশালী সাংগঠনিক ভিত্তি রয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলের সংহতি ও শৃঙ্খলা বজায় রেখে প্রতিটি পর্যায়ে একক প্রার্থী দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হবে।

তিনি জানান, আগের ধারাবাহিকতা অনুযায়ী এবার স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে না। তবে দলীয়ভাবে যোগ্য ও জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থী নিশ্চিত করার বিষয়ে বিএনপি গুরুত্ব দিচ্ছে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে চিফ হুইপ বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা এখনো বাকি রয়েছে। তবে দলের সিদ্ধান্ত অমান্য করার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, চাঁদাবাজি ও দখলদারত্বের সঙ্গে জড়িতদের বিএনপিতে স্থান হবে না। জনগণের আস্থা ক্ষুণ্ন হয়, এমন কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা রয়েছে এবং দলও জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

দলীয় সিদ্ধান্ত মেনে চলা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে নূরুল ইসলাম মনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী নিশ্চিত করতে দলীয় অবস্থানের বাইরে গিয়ে কেউ প্রতিদ্বন্দ্বিতা করলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী