সংগৃহিত
জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন ও পালনের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে সরকার। এতে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের পাশাপাশি দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সরকারি ব্যয় সাশ্রয় এবং দাপ্তরিক কাজে ব্যাঘাত এড়াতে দিবস পালনে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। এর মাধ্যমে গত ১১ মার্চ জারি করা আগের পরিপত্রটি বাতিল করা হয়েছে।
নতুন পরিপত্রে বলা হয়েছে, জাতীয় পর্যায়ের প্রধান উৎসবগুলো ছাড়া সাধারণভাবে যেকোনো দিবস পালনের ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় ও জাঁকজমক পরিহার করতে হবে। বিশেষ করে আলোকসজ্জা, সৌন্দর্যবর্ধন ও বড় পরিসরে বিচিত্রানুষ্ঠান আয়োজন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে।
দিবস উদযাপনে প্রাতিষ্ঠানিক আলোচনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে রেডিও ও টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান প্রচারের পাশাপাশি সীমিত পরিসরে সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন করা যাবে। তবে কর্মদিবসে সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে সমাবেশ ও শোভাযাত্রা পরিহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারি দপ্তরের স্বাভাবিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। কোনো বিশেষ সপ্তাহ পালনের ক্ষেত্রে সাধারণভাবে পুরো কর্মসূচি সর্বোচ্চ তিন দিনের মধ্যে সীমিত রাখতে হবে।
পরিপত্রে আরও বলা হয়েছে, সব ধরনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছুটির দিনে অথবা নিয়মিত অফিস সময়ের পর আয়োজনের চেষ্টা করতে হবে। তবে নগদ অর্থ বা উপকরণ ব্যয় ছাড়াই করা সম্ভব—এমন সাধারণ আয়োজন ছুটির দিন কিংবা কর্মদিবসেও করা যাবে।
দিবস বা সপ্তাহ পালন উপলক্ষে জেলা পর্যায় কিংবা রাজধানীর বাইরে থেকে কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় নিয়ে আসার প্রবণতাও যথাসম্ভব পরিহার করতে বলা হয়েছে।
সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে একই ধরনের দিবসগুলো একত্রে পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই ধরনের বিষয়বস্তু থাকলে সংশ্লিষ্ট আন্তর্জাতিক দিবসকে প্রাধান্য দিয়ে জাতীয় দিবসগুলো একই তারিখে একত্রে উদযাপনের ব্যবস্থা করতে হবে।
প্রয়োজন হলে এ-সংক্রান্ত বিস্তারিত সারসংক্ষেপ মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে বলা হয়েছে।
পরিপত্রে দেওয়া নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




