সংগৃহীত
ভারতের দিল্লিতে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের আগে আটক জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে রাতেই মুক্তি দিয়েছে পুলিশ। শনিবার তাকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। এনডিটিভিসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।
ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা কার্যক্রমে অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। বিক্ষোভকারীরা যাতে যন্তর মন্তরে পৌঁছাতে না পারেন, সে জন্য রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করে পুলিশ।
শনিবার সকালে গুরগাঁওয়ের সেক্টর ৫৬ এলাকায় নিজের বাড়ি থেকে ধ্রুব রাঠিকে আটক করা হয়। ককরোচ জনতা পার্টি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দাবি করে, সকাল ৮টার দিকে সাদাপোশাকে প্রায় ৫০ জন পুলিশ সদস্য তার বাড়িতে গিয়ে তাকে আটক করেন।
পুলিশের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, 'নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও তিনি যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে তাকে আবারও আটক করা হতে পারে অথবা তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।'
ককরোচ জনতা পার্টি একটি রাজনৈতিক ব্যঙ্গাত্মক গোষ্ঠী হিসেবে পরিচিত। ধ্রুব রাঠি কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধীর সমর্থক এবং ভারতের ক্ষমতাসীন এনডিএ সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিত।
জৈন্তাবার্তা/ সুলতানা




