জেলি-সয়াবিন দিয়ে দুধ তৈরির সময় ছদ্মবেশে গিয়ে ধরল প্রশাসন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

জেলি-সয়াবিন দিয়ে দুধ তৈরির সময় ছদ্মবেশে গিয়ে ধরল প্রশাসন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৬ ১১:০১:২৫ পূর্বাহ্ন

জেলি-সয়াবিন দিয়ে দুধ তৈরির সময় ছদ্মবেশে গিয়ে ধরল প্রশাসন

সংগৃহীত


পাবনার ফরিদপুর উপজেলায় ছদ্মবেশে অভিযান চালিয়ে কেমিক্যাল, জেলি ও সয়াবিন তেল মিশিয়ে ভেজাল ও নকল দুধ উৎপাদনের সময় দুই প্রতিষ্ঠানকে হাতেনাতে ধরেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা ও একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় স্বপ্ন ডেইরী ফার্ম নামের একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। শনিবার (১০ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুরেন্দরপুর এলাকায় এসব অভিযান চালিয়ে এই জেল-জরিমানা করা হয়।অভিযান সূত্রে জানা যায়, পাবনার ফরিদপুর উপজেলার পুরেন্দরপুর উত্তরপাড়া এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে জেলি, সয়াবিন তেল ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে নকল দুধ তৈরি করে বাজারজাত করছিল। এমন সংবাদের ভিত্তিতে পাবনার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনার পরিকল্পনা করে। অপরাধীদের চিহ্নিত করতে সহকারী পরিচালকের নেতৃত্বে একটি দল প্রথমে বিনামূল্যে মেডিকেল সেবা ও স্বাস্থ্যসচেতনতার ছদ্মবেশে বিকেলে এলাকায় প্রবেশ করে। পরবর্তীতে রাতের বেলায় যখন ভেজাল দুধ তৈরির কার্যক্রম শুরু হয়, তখন অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়।

অভিযানে দেখা যায়, পুরেন্দরপুর উত্তরপাড়ার শামীম হোসেন নামে এক ব্যবসায়ী দুধে হাইড্রোজেন পার-অক্সাইড মেশাচ্ছিলেন। তার কাছে ১০০ গ্রাম ক্ষতিকর হাইড্রোজেন পার-অক্সাইড উদ্ধার করা হয়। এ অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।অন্যদিকে ‘স্বপ্ন ডেইরি ফার্ম’ নামের একটি প্রতিষ্ঠানে জেলি, সয়াবিন তেল ও ব্লেন্ডার মেশিন ব্যবহার করে পূর্ণাঙ্গ নকল দুধ তৈরি করা হচ্ছিল। বিষয়টি ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসময় জড়িত ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করে ঘটনাস্থলে পাওয়া ২ ড্রাম জেলি ও ১ ড্রাম পামওয়েল ধ্বংস করা হয়।

এ ব্যাপারে ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ইমামা বানীম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্যে রাতে স্বপ্ন ডেইরী ফার্মে গিয়ে তাদের ৫০ হাজার টাকা জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়। তারা বিভিন্ন ক্ষতিকারক কেমিক্যালে ভেজাল দুধ উৎপাদন করছিল।পাবনার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, চক্রটি বেশ সজাগ। এলাকায় ম্যাজিস্ট্রেট প্রবেশের খবর পেলেই তারা সব গুটিয়ে সতর্ক হয়ে যায়। তখন তাদের ধরা কঠিন হয়ে পড়ে। তাই ছদ্মবেশে অভিযান পরিচালনা করা হয়।তিনি বলেন, জনস্বার্থে ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে আমাদের এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে। দুধে বা যেকোনো খাদ্যপণ্যে ভেজাল মেশানো একটি গুরুতর অপরাধ। ভোক্তা স্বার্থ ক্ষুণ্ন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ: