সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক কার্যক্রম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে পরিচালনার আশ্বাস
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

বাণিজ্যমন্ত্রী ও সিসিক প্রশাসককে ধন্যবাদ জানালেন শিক্ষক-শিক্ষার্থীরা

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক কার্যক্রম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে পরিচালনার আশ্বাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৬ ০৯:৪২:০৫ অপরাহ্ন

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক কার্যক্রম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে পরিচালনার আশ্বাস

ছবি:সংগৃহীত


সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পরিবর্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (১১ অক্টোবর) বিকেলে নগর ভবনে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁরা এ কৃতজ্ঞতা জানান।

কলেজের অধ্যক্ষ ড. মো. শহীদ ইকবালের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল এ সময় প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন। সাক্ষাৎকালে তাঁরা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা, অবকাঠামোগত সমস্যার সমাধান এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে সিসিকের সহযোগিতা কামনা করেন।

এ সময় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, তৎকালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমান সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর স্বপ্ন ছিল কলেজটিকে একটি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা। কিন্তু অকালমৃত্যুর কারণে তিনি সেই স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি। সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও এ বিষয়ে অত্যন্ত আন্তরিক।

তিনি আরও বলেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পরিবর্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। কলেজের মাঠ সংস্কারসহ অবকাঠামোগত উন্নয়নেও সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. আবু নাসের মজুমদার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. সালাহ উদ্দিন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান শিব্বির আহমদ, খলিলুর রহমান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফাহাদ ফয়সল ও নাঈমুর রহমান অভি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. মাজহারুল ইসলাম খান, তানভীর মাহমুদ ও মাসুদুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ বিন হাসান এবং কর্মকর্তা আমিনুল ইসলাম।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ