নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৬ ০৭:৫০:৫৮ অপরাহ্ন

নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী

ছবি:সংগৃহীত


সিলেটের ঐতিহ্যবাহী মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) কলেজ ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) ও কলেজের গভর্নিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘নারী শিক্ষায় এ প্রতিষ্ঠানের ভূমিকা প্রশংসনীয়। সিলেটের শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে নারী শিক্ষার প্রসারে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ দীর্ঘদিন ধরে অনন্য ও উজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। এটি কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, সিলেটে নারী শিক্ষার অগ্রগতির এক অনন্য দৃষ্টান্ত।’

তিনি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, নৈতিকতা ও সৃজনশীলতার মাধ্যমে নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে কলেজের ভৌত অবকাঠামোর উন্নয়নসহ প্রতিষ্ঠানের সার্বিক অগ্রযাত্রায় ভবিষ্যতেও পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন। এতে স্বাগত বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রহিমা বেগম।

শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. এনামুল হক চৌধুরী সোহেল ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আজির উদ্দিন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফারজানা সিদ্দিকা এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মিশকাত উল আফরা সামিয়া।

এ ছাড়া বক্তব্য দেন কলেজের গভর্নিং বডির সদস্য আব্দুল হাকিম, ডা. সোলায়মান আহমেদ, মখছুছুল করিম, আজিজুল ইসলাম, জিল্লুল হক ও সাব্বির আহমদ। অনুষ্ঠানে গার্হস্থ্য বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সালমা বেগম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. আলমগীর, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মাইশা বেগম এবং গীতা পাঠ করেন ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুস্মিতা আইচ রিমি। পরে ঐশী, প্রমি, হৈমন্তী, স্নিগ্ধা ও প্রিয়ন্তী জাতীয় সংগীত পরিবেশন করেন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ পরিবেশিত হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ