রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

আইসিইউতে চারজন

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৬ ০৬:০২:১০ অপরাহ্ন

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত

সংগৃহিত


সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত চার বাংলাদেশি কিং খালিদ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

প্রতিমন্ত্রী বলেন, এর আগে হুতিদের হামলায় একজন বাংলাদেশি নিহত হয়েছিলেন। এবার আরও দুই বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে এ পর্যন্ত ১৪ জন বাংলাদেশিকে হারানোর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আশা করব, এই বিপর্যয় বন্ধ হবে, এই আক্রমণ বন্ধ হবে। এই ধরনের মৃত্যু আসলে মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর।’

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এলাকায় একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। ওই সময় সেখানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা অপেক্ষা করছিলেন। হামলায় নিহত দুই বাংলাদেশি হলেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের মো. নাসরুল্লাহ বদরপুরি।

রিয়াদের কূটনৈতিক সূত্র জানায়, হামলার সময় ইউএস-বাংলা, সৌদিয়া ও রিয়াদ এয়ারের বাংলাদেশি যাত্রীরা বিমানবন্দরে অবস্থান করছিলেন। আহত না হওয়া যাত্রীদের মধ্যে ১৭ জনকে ম্যারিয়ট হোটেলে, ২৫ জনকে রেডিসন হোটেলে এবং ৪০ জনকে প্রিন্সেস নূরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে রাখা হয়েছে। আহত চারজন কিং খালিদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তাঁদের সঙ্গে আরও দুই বাংলাদেশি যাত্রী অক্ষত অবস্থায় রয়েছেন।

এ ঘটনায় শোক প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এ ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। আল্লাহতায়ালার কাছে দোয়া করছি, আল্লাহতায়ালা তাঁদের যেন বেহেশত নসিব করেন। আশা করছি, যেন আর কোনো খারাপ খবর আমরা শুনতে না পাই।’

বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী সব সময় প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও দেখভালের ওপর গুরুত্ব দিয়ে আসছেন। বিদেশে কর্মরত বাংলাদেশিরা দেশের রেমিট্যান্সযোদ্ধা। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রথম অগ্রাধিকার।

তিনি আরও বলেন, সৌদি আরবে বাংলাদেশের মিশন সেখানকার বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং হতাহতদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে। পাশাপাশি, সেখানে অবস্থানরত বাংলাদেশিরা যাতে যথাসম্ভব নিরাপদে থাকতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার পর আপাতত রিয়াদগামী ফ্লাইট স্থগিত রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বাংলাদেশের কোনো ফ্লাইট হামলার সময় বিমানবন্দরে অবস্থান করছিল কি না কিংবা কোনো বাংলাদেশি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো তথ্য সরকারের কাছে নেই। হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফ্লাইট চলাচল বন্ধ করা হয়েছে বলে জানান তিনি।

জৈন্তা বর্তা / ওয়াদুদ