বিদেশে উচ্চশিক্ষার সুযোগ খুঁজতে শাবিপ্রবি ছাত্রদল নেতার এআই প্ল্যাটফর্ম
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

বিদেশে উচ্চশিক্ষার সুযোগ খুঁজতে শাবিপ্রবি ছাত্রদল নেতার এআই প্ল্যাটফর্ম

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১২/১০/২০২৬ ০৪:০২:৪৮ অপরাহ্ন

বিদেশে উচ্চশিক্ষার সুযোগ খুঁজতে শাবিপ্রবি ছাত্রদল নেতার এআই প্ল্যাটফর্ম

ছবি:সংগৃহীত


বিদেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ খোঁজা, যোগ্যতা যাচাই ও আবেদনের প্রস্তুতি সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) প্ল্যাটফর্ম ‘ScholarBhai.com’ তৈরি করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান। প্ল্যাটফর্মটির মাধ্যমে শিক্ষার্থীরা বিনামূল্যে স্কলারশিপসংক্রান্ত বিভিন্ন সেবা নিতে পারবেন।

রাহাত জামান বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্ল্যাটফর্মটি তৈরিতে তাঁর সঙ্গে কাজ করেছেন শাবিপ্রবি শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কাজী তানভীর রহমান ও সংগঠনটির কর্মী ফরিদুল রেজা সাগর।

উদ্যোক্তারা জানান, প্রচলিত তথ্যভিত্তিক ওয়েবসাইটের বাইরে গিয়ে শিক্ষার্থীদের জন্য একটি সমন্বিত ও ব্যক্তিকেন্দ্রিক অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যেই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। এতে শিক্ষার্থীরা নিজেদের জীবনবৃত্তান্ত (সিভি) আপলোড করলে এআই প্রযুক্তি প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণ করে একটি পূর্ণাঙ্গ প্রোফাইল তৈরি করবে। এরপর সেই প্রোফাইলের সঙ্গে বিভিন্ন স্কলারশিপের যোগ্যতা ও শর্ত মিলিয়ে উপযুক্ত সুযোগ খুঁজে পেতে সহায়তা করবে সিস্টেমটি।

বাংলাদেশি শিক্ষার্থীদের বাস্তবতা বিবেচনায় নিয়ে প্ল্যাটফর্মটিতে জিপিএ, সিজিপিএ, আইইএলটিএস স্কোর, স্টাডি গ্যাপ ও ব্যাংক ব্যালেন্সের মতো বিষয় যুক্ত করা হয়েছে। ডেটাবেজে থাকা প্রতিটি স্কলারশিপের সঙ্গে শিক্ষার্থীর প্রোফাইলের সামঞ্জস্য যাচাই করে একটি ‘ফিট স্কোর’ দেখাবে এটি। ফলে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতার সঙ্গে মানানসই স্কলারশিপ সম্পর্কে ধারণা পাবেন। প্রোফাইলে কোনো ঘাটতি থাকলে তা পূরণে করণীয় সম্পর্কেও পরামর্শ দেবে প্ল্যাটফর্মটি।

এতে রয়েছে প্রতিটি আবেদনের জন্য আলাদা ‘ডকুমেন্ট ওয়ার্কস্পেস’। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে একই সিভি ব্যবহার করার সীমাবদ্ধতা কাটাতে এআইয়ের সহায়তায় সিভি সংশোধন ও নির্দিষ্ট আবেদনের উপযোগী করে নেওয়ার সুবিধা রাখা হয়েছে। পাশাপাশি স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) ও কাভার লেটারের খসড়া পর্যালোচনার জন্য রয়েছে ‘ডকুমেন্ট রেডিনেস স্কোর’। এ সুবিধার মাধ্যমে এআই শিক্ষার্থীদের লেখার মূল্যায়ন ও প্রয়োজনীয় পরামর্শ দেবে, যাতে লেখার নিজস্বতা বজায় রেখে আবেদনপত্রের মান উন্নত করা যায়।

প্ল্যাটফর্মটির আরেকটি উল্লেখযোগ্য সুবিধা ‘এআই প্রফেসর আউটরিচ’। এর মাধ্যমে কোনো অধ্যাপকের নাম ও বিশ্ববিদ্যালয়ের তথ্য দিলে এআই সংশ্লিষ্ট অধ্যাপকের সাম্প্রতিক গবেষণার বিষয় খুঁজে বের করে তথ্যসূত্রসহ পেশাদার ই-মেইলের খসড়া তৈরি করবে। বিদেশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে গবেষণা ও উচ্চশিক্ষার বিষয়ে যোগাযোগের ক্ষেত্রে এ সুবিধা শিক্ষার্থীদের সহায়ক হবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

এ ছাড়া প্রতিটি স্কলারশিপের সঙ্গে রয়েছে আলাদা আবেদন নির্দেশিকা ও কমিউনিটি ফোরাম। এর মাধ্যমে শিক্ষার্থীরা অভিজ্ঞ ব্যক্তি ও সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

উদ্যোগের বিষয়ে রাহাত জামান বলেন, ‘শিক্ষার্থীদের অধিকার ও ভবিষ্যতের কথা মাথায় রেখেই আমাদের রাজনীতি। চীন সফর শেষে দেশে ফিরে বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা করি। গত তিন মাস ধরে ওয়েবসাইটটি তৈরির কাজ করেছি। শাবিপ্রবি ক্যাম্পাস থেকে এমন একটি বৈশ্বিক শিক্ষা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যা আগামী দিনে দেশের মানবসম্পদ উন্নয়নে ভূমিকা রাখতে পারে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা বিনামূল্যে ওয়েবসাইটে লগইন করে বিভিন্ন সেবা নিতে পারবেন। তবে একটি জিমেইল আইডি দিয়ে একবারই লগইন করা যাবে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একবার বিনামূল্যে সেমিনারের আয়োজন করা হবে। এতে শাবিপ্রবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষারত জ্যেষ্ঠ শিক্ষার্থীরা অংশ নিয়ে আগ্রহীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।’

প্ল্যাটফর্মটির কারিগরি দিক ও লক্ষ্য সম্পর্কে উদ্যোক্তা দলের সদস্য ফরিদুল রেজা সাগর বলেন, ‘একজন শিক্ষার্থী হিসেবে আমরা বুঝতে পেরেছি, বিদেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ খোঁজা, আবেদনপ্রক্রিয়ার সঠিক নির্দেশনা পাওয়া এবং প্রয়োজনীয় নথিপত্র ব্যবস্থাপনা করা কতটা জটিল। বিশেষ করে একাধিক স্কলারশিপে আবেদনের সময় গুরুত্বপূর্ণ সময়সীমা মনে রাখা এবং এআই ব্যবহারের ক্ষেত্রে বারবার ব্যক্তিগত তথ্য দেওয়ার প্রক্রিয়া সময়সাপেক্ষ।’

তিনি বলেন, ‘এসব সমস্যা সমাধানের লক্ষ্যেই দ্রুত সম্প্রসারণযোগ্য ও সহজে ব্যবহারযোগ্য এই সিস্টেম তৈরি করা হয়েছে। আমরা চাই, শিক্ষার্থীরা যেন প্রয়োজনীয় তথ্য, আবেদন প্রস্তুতি ও দিকনির্দেশনা সহজে পেয়ে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগাতে পারেন।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: