সংগৃহিত
সুনামগঞ্জের জামালগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্তের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। উপজেলা ভূমি অফিসের ‘এসিল্যান্ড জামালগঞ্জ’ নামের ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে নিজের মৃত্যুর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদককে দায়ী করার পাশাপাশি প্রশাসন ক্যাডার থেকে পদত্যাগের ঘোষণাও দেওয়া হয়। তবে ইউএনও দাবি করেছেন, এসিল্যান্ডের আইডি হ্যাক হয়েছিল।
শুক্রবার দিবাগত রাতে ‘এসিল্যান্ড জামালগঞ্জ’ পেজ থেকে ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক দায়ী থাকবেন’—এমন বক্তব্যসংবলিত একটি পোস্ট দেওয়া হয়। এর কয়েক মিনিট পর একই পেজ থেকে ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ লিখে আরেকটি পোস্ট করা হয়। পরে পোস্ট দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক ‘ইউএনও জামালগঞ্জ’ পেজে দেওয়া এক পোস্টে জানান, এসিল্যান্ডের আইডি হ্যাক হয়েছে। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানান তিনি। পরে ‘এসিল্যান্ড জামালগঞ্জ’ পেজ থেকে আগের পোস্ট দুটি মুছে ফেলা হয়।
পোস্ট দুটি মুছে ফেলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা দেখা দেয়। আইডি হ্যাক হওয়ার দাবি, পোস্ট মুছে ফেলার ঘটনা এবং এসিল্যান্ডের পক্ষ থেকে সরাসরি বক্তব্য না আসা নিয়ে অনেকে মন্তব্য করেন। তবে আইডি হ্যাক হয়েছিল কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় নাগরিকের অভিযোগ, ঘটনার বিষয়ে বিস্তারিত যাচাইয়ের আগেই আইডি হ্যাক হওয়ার কথা জানানো হয়েছে। তাঁদের মতে, বিষয়টি স্পষ্ট করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া প্রয়োজন।
এ বিষয়ে ইউএনও শিল্পী রাণী মোদক বলেন, ‘আমার মেয়ের জন্মদিন উপলক্ষে এসিল্যান্ড সস্ত্রীক আমার বাসায় আসেন। অনুষ্ঠান শেষে বাসা থেকে বের হয়ে তিনি ফেসবুকে একটি বার্তা পোস্ট করেন। সঙ্গে সঙ্গে আমি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি। পরে আমি, অফিসার ইনচার্জ (ওসি) ও আবাসিক মেডিকেল অফিসারকে নিয়ে তাঁর বাসায় যাই। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠাই।’
তিনি আরও বলেন, ‘সিলেট থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হচ্ছে। ঢাকা থেকে সুস্থ হয়ে ফিরে এলে জানা যাবে, কী উদ্দেশ্যে তিনি ফেসবুকে এই পোস্ট করেছিলেন।’
ঘটনাটি নিয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। তবে পোস্ট দেওয়ার প্রকৃত কারণ, আইডি হ্যাক হওয়ার অভিযোগ এবং এ ঘটনার পেছনের পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




