শেখ হাসিনার জন্য দোয়ার চিঠির পর এবার স্বামীর চাকরি ও ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

শাহজালালের মাজারের দানবাক্স গণনা

শেখ হাসিনার জন্য দোয়ার চিঠির পর এবার স্বামীর চাকরি ও ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৬ ০৪:০৩:৫৮ অপরাহ্ন

শেখ হাসিনার জন্য দোয়ার চিঠির পর এবার স্বামীর চাকরি ও ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ

ছবি:সংগৃহীত


সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সে এবার পাওয়া গেছে নানা ধরনের চিঠি। এর মধ্যে রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে লেখা দোয়ার চিঠি, স্বামীর ভালো চাকরি ও মানসিক শান্তি কামনায় এক নারীর প্রার্থনাপত্র এবং বিদেশ নেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগ তুলে এক ব্যক্তির লেখা চিঠি। শনিবার (২৪ অক্টোবর) সকালে মাজারের দানবাক্স ও ডেগের অর্থ গণনার সময় এসব চিঠি পাওয়া যায়।

মাজারের দানবাক্সে টাকা-পয়সার পাশাপাশি ভক্তদের এমন ব্যক্তিগত আবেদন, দোয়া ও অভিযোগের চিঠি প্রায়ই পাওয়া যায়। এবারও এর ব্যতিক্রম হয়নি।

শেখ হাসিনার জন্মদিনে দোয়ার চিঠি

দানবাক্সে পাওয়া একটি চিঠিতে শেখ হাসিনার সুস্থতা কামনা এবং তিনি যেন বাংলাদেশের মানুষের আশার আলো হয়ে আবার ফিরে আসেন, সেই প্রার্থনা করা হয়েছে।

চিঠিটি নোয়াখালীর সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের পক্ষে হাবিবুর রহমান রাজু লিখেছেন বলে উল্লেখ রয়েছে। এতে বলা হয়, গত ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে তাঁর সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়েছে।

চিঠিতে লেখা হয়েছে, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। তারিখ: ২৮/০৯/২৬। নোয়াখালী জেলা শাখা সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে হযরত শাহজালাল মাজারে নেত্রীর জন্য দোয়া ও প্রার্থনা করছি। আল্লাহ পাক যেন তাঁকে সর্বদা সুস্থ রাখেন এবং বাংলাদেশের মানুষের আশার আলো হয়ে যেন ফিরে আসেন। আমিন।’

চিঠির শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘জয় হোক দেশরত্ন শেখ হাসিনার’ স্লোগান লেখা রয়েছে। এতে হাবিবুর রহমান রাজুর নামও উল্লেখ করা হয়েছে।

স্বামীর চাকরি চেয়ে স্ত্রীর প্রার্থনা

অন্য একটি চিঠিতে স্বামীর ভালো চাকরি ও মানসিক শান্তি কামনা করেছেন এক নারী। নাম-পরিচয় উল্লেখ না করে তিনি লিখেছেন, ‘হে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, আপনার উছিলায় আমার আহাল (স্বামী)-উনাকে একটা ভালো চাকরি দিন এবং উনার মানসিক শান্তি দান করুন।’

চিঠিটি থেকে বোঝা যায়, স্বামীর কর্মসংস্থান ও মানসিক প্রশান্তির প্রত্যাশায় ওই নারী তাঁর প্রার্থনা তুলে ধরেছেন।

বিদেশ নেওয়ার নামে প্রতারণার অভিযোগ

এদিকে ভৈরবের আবু বক্কর ছিদ্দিক নামের এক ব্যক্তির লেখা চিঠিও পাওয়া গেছে দানবাক্সে। চিঠিতে তিনি নিজের ভাইয়ের বিরুদ্ধে বিদেশ নেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগ তুলেছেন।

আবু বক্কর ছিদ্দিকের অভিযোগ, তাঁর ভাই বিদেশে নেওয়ার কথা বলে অনেক আশা দেখালেও শেষ পর্যন্ত তা পূরণ করেননি। ভাইদের মধ্যে তিনি সবার ছোট। এ ঘটনার পর থেকে তিনি অসহনীয় মানসিক যন্ত্রণায় ভুগছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন।

তবে ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ তোলার পাশাপাশি তাঁর ভাই যেন হাজার কোটি টাকার মালিক হন, সেই দোয়াও করেছেন তিনি। একই সঙ্গে নিজের কষ্টের কথা মানুষের সামনে তুলে ধরতে চিঠিটি গণমাধ্যমে প্রকাশের জন্য মাজার কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন।

সাতটি দানবাক্স খুলে গণনা

শনিবার সকালে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের সাতটি দানবাক্স খোলার পর দেশি টাকা ও বৈদেশিক মুদ্রার সঙ্গে এসব চিঠি পাওয়া যায়। মাজারের ডেগ ও দানবাক্সের অর্থ প্রকাশ্যে গণনার কার্যক্রমও চলছে।

টাকা-পয়সার পাশাপাশি চিঠিগুলোতে উঠে এসেছে মানুষের ব্যক্তিগত প্রত্যাশা, পারিবারিক সংকট, মানসিক কষ্ট এবং রাজনৈতিক আবেগের নানা দিক। ফলে দানবাক্সের এসব চিঠি ঘিরে মাজারে আসা ভক্তদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ