শাহজালালের (রহ.) মাজারে ৫ম দফায় চলছে টাকা গণনা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

শাহজালালের (রহ.) মাজারে ৫ম দফায় চলছে টাকা গণনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/১০/২০২৬ ০৩:০০:২৫ অপরাহ্ন

শাহজালালের (রহ.) মাজারে ৫ম দফায় চলছে টাকা গণনা


সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ গণনা পঞ্চমবারের মতো শুরু হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সিলেটের জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, মাজার ব্যবস্থাপনায় গঠিত কমিটির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সব পক্ষের উপস্থিতে এ কার্যক্রম শুরু হয়।

এ সময় সিলেটের জেলা প্রশাসক বলেন, আপাতত মাসে একবার গণনা করা হবে। এরপর ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। একজন কম্পিউটার অপারেটরও নিয়োগ হবে। তখন প্রতিদিন গণনার কাজ শেষ করা সম্ভব হবে।

মাজারে মোট ৩টি ডেগ ও ৫টি দানবাক্সর টাকা গণনা হচ্ছে। এবারও মাজারের দানবাক্স ও ডেগগুলোতে দেশি টাকার পাশাপাশি বিদেশি মুদ্রাও পাওয়া গেছে। সেই সাথে পাওয়া গেছে বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত চিঠি।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত কমিটিতে সিদ্ধান্ত নেয়া হয়, দানের টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজের জন্য সোনালী ব্যাংকের একটি হিসাবে জমা রাখা হবে। আর বাকি ৬৫ শতাংশ দিয়ে মাজারের দৈনন্দিন খরচ ও কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হবে। মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দানবাক্সের অর্থ গণনা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জৈন্তাবার্তা/আরআর