ছবি:সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। দলের সাংগঠনিক কার্যক্রম দেশব্যাপী আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। দলটির দপ্তর সেলের সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।
নতুন কমিটিতে আহ্বায়ক পদে মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব পদে আখতার হোসেন বহাল রয়েছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটোয়ারী ও হাসনাত আব্দুল্লাহ। আর সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
নতুন কমিটিতে সিলেট জেলা এনসিপির সদস্যসচিব প্রকৌশলী কামরুল আরিফকে কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। সিলেট অঞ্চলে দলের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং তৃণমূলের নেতাকর্মীদের সংগঠিত করার ক্ষেত্রে তাঁর এ নিয়োগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।
দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম এবং তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে সংগঠিত করার ক্ষেত্রে প্রকৌশলী কামরুল আরিফের ভূমিকার কথা তুলে ধরছেন তাঁর সহকর্মীরা। সিলেট জেলা এনসিপির সদস্যসচিব হিসেবে তাঁর নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হয়েছে বলেও মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
এদিকে, নতুন কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগ থেকে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক ও প্রীতম দাশ, তথ্যপ্রযুক্তি সম্পাদক রাশেল উল আলম, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ এবং সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদ উদ্দিন তারেক। এ ছাড়া জসিম উদ্দিনকে সহ-সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
ইনসাফ ও সাম্যের বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন কেন্দ্রীয় কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। তাঁদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে সিলেট বিভাগে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




