গোয়াইনঘাটে দ্বারীখেল তৃতীয় মিডবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

গোয়াইনঘাটে দ্বারীখেল তৃতীয় মিডবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩/১০/২০২৬ ০৯:৪১:১৩ অপরাহ্ন

গোয়াইনঘাটে দ্বারীখেল তৃতীয় মিডবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ছবি:সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দ্বারীখেল গ্রামবাসীর উদ্যোগে ‘দ্বারীখেল তৃতীয় মিডবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে দ্বারীখেল ফুটবল মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সেলিম আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহরিয়ার হোসেন রিফাত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রোটারিয়ান এম এ রহিম।

প্রধান অতিথির বক্তব্যে এম এ রহিম বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে।

তিনি আরও বলেন, ফুটবল গ্রামবাংলার অত্যন্ত জনপ্রিয় খেলা। এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়েরা নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পান। পাশাপাশি এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হয়।

দ্বারীখেল গ্রামের আয়োজকদের এমন উদ্যোগের প্রশংসা করে তিনি ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। পরে টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন আবুল বাশার বেবুল, নুরুল ইসলাম, আলতাব আলী, রইছ মিয়া, আব্দুর রউফ, আমজদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।

স্থানীয় পর্যায়ে ফুটবলের চর্চা বৃদ্ধি এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ