মক্কায় দুই বাংলাদেশির মৃ/ত্যুদ/ণ্ড: অ/পরাধ, বিচার ও ম/রদেহের বিষয়ে তথ্য চেয়েছে বাংলাদেশ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

মক্কায় দুই বাংলাদেশির মৃ/ত্যুদ/ণ্ড: অ/পরাধ, বিচার ও ম/রদেহের বিষয়ে তথ্য চেয়েছে বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৬ ১০:৩৯:৫৭ অপরাহ্ন

মক্কায় দুই বাংলাদেশির মৃ/ত্যুদ/ণ্ড: অ/পরাধ, বিচার ও ম/রদেহের বিষয়ে তথ্য চেয়েছে বাংলাদেশ

সংগৃহিত


মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ, বিচারপ্রক্রিয়া, দণ্ড কার্যকরের পদ্ধতি, মরদেহের অবস্থান এবং আইনজীবী নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ সরকার।

গত ১৯ অক্টোবর জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখায় পাঠানো এক কূটনৈতিক পত্রে এসব তথ্য জানতে চাওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা গত শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, ১৯ অক্টোবর জেদ্দায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফরিদ বিন সাদ আল সেহেরির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি কূটনৈতিক পত্রটি হস্তান্তর করেন।

জানা গেছে, গত ১৪ অক্টোবর মক্কা অঞ্চলে বাংলাদেশের নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিচারকের স্বেচ্ছাধীন শাস্তি হিসেবে তাঁদের এ দণ্ড দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কূটনৈতিক পত্রে বাংলাদেশ ছয়টি বিষয়ে তথ্য চেয়েছে। এর মধ্যে রয়েছে—দুই নাগরিকের বিরুদ্ধে আনা অপরাধের ধরন ও প্রকৃতি, অপরাধ সংঘটনের তারিখ ও স্থান, তাঁদের গ্রেপ্তারের সময় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সত্যায়িত রায়ের অনুলিপি।

এ ছাড়া মৃত্যুদণ্ড কী পদ্ধতিতে কার্যকর করা হয়েছে, তা জানতে চেয়েছে বাংলাদেশ। প্রকাশ্যে তলোয়ার দিয়ে শিরশ্ছেদ করা হয়েছে, নাকি অন্য কোনো পদ্ধতিতে দণ্ড কার্যকর হয়েছে, সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকরের পর দুই বাংলাদেশির মরদেহ কোথায় রাখা হয়েছে, তাঁদের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে নাকি সৌদি আরবেই দাফন করা হয়েছে—এসব বিষয়েও জানতে চেয়েছে কনস্যুলেট। পাশাপাশি তদন্ত ও বিচার চলাকালে তাঁদের পক্ষে আইনজীবী নিয়োগ করা হয়েছিল কি না এবং তাঁরা কেউ আইনি সহায়তা চেয়েছিলেন কি না, সে তথ্যও চাওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের পুরো প্রক্রিয়া সম্পর্কে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা জেদ্দায় বাংলাদেশ মিশনের কাছে পর্যাপ্ত তথ্য ছিল না। বিশেষ করে বিচার চলাকালে দুই নাগরিকের আইনি প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছিল কি না, তা মিশন জানতে পারেনি।

সৌদি কর্তৃপক্ষ নিয়মিত বাংলাদেশকে কারাবন্দী ও দণ্ডিত বাংলাদেশি নাগরিকদের তালিকা দিয়ে থাকে। গত সেপ্টেম্বরের তালিকায় নজরুল ইসলাম আবদুল বাসির ও সুইটি আক্তারের নাম ছিল। তালিকায় একজনের বিরুদ্ধে ‘ব্যভিচার’ এবং অন্যজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত অপরাধের অভিযোগের উল্লেখ ছিল। তবে তাঁদের শাস্তির বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অন্যদিকে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে মক্কার একটি মসজিদ কমপ্লেক্সে অনৈতিক কাজে লিপ্ত হয়ে পবিত্রতা লঙ্ঘনের অভিযোগে দণ্ড দেওয়ার কথা বলা হয়েছে। তালিকায় উল্লেখ করা অভিযোগের সঙ্গে এ বিবৃতির সম্পর্ক কী, তা এখনো স্পষ্ট নয়। এ কারণে দুই নাগরিকের বিরুদ্ধে আনা অভিযোগ ও দণ্ডের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, গত ৩০ সেপ্টেম্বর সৌদি কর্তৃপক্ষ প্রায় আড়াই হাজার বন্দির একটি তালিকা পাঠিয়েছিল। এতে ২২ জন বাংলাদেশির দণ্ডিত হওয়ার তথ্য থাকলেও তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে কী ধরনের শাস্তি দেওয়া হয়েছে, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানতে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির গত সপ্তাহে ঢাকায় সাংবাদিকদের জানান, সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, নিম্ন আদালত ও আপিল আদালতে বিচারপ্রক্রিয়া শেষে চলতি মাসে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, কূটনৈতিক পত্রের জবাব এখনো সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া যায়নি। জবাব পাওয়ার পর দুই বাংলাদেশির বিরুদ্ধে আনা অভিযোগ, বিচারপ্রক্রিয়া এবং মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শেষ পর্যন্ত বাঁচানো গেল না শাবিপ্রবির মুনিরাকে
মক্কায় দুই বাংলাদেশির মৃ/ত্যুদ/ণ্ড: অ/পরাধ, বিচার ও ম/রদেহের বিষয়ে তথ্য চেয়েছে বাংলাদেশ
'আমার মৃ/ত্যুর জন্য ইউএনও দায়ী’-এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা
শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা
নবীগঞ্জ থানার হাজতে ছাত্রলীগ নেতার ভিডিও ধারণ, সহযোগী গ্রে/প্তার
দুর্নী/তিবাজ-চাঁদা/বাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার: শফিকুর রহমান
শেখ হাসিনার জন্য দোয়ার চিঠির পর এবার স্বামীর চাকরি ও ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ
শাহজালালের (রহ.) মাজারে ৫ম দফায় চলছে টাকা গণনা
শাহজালালের (রহ.) মাজারের ডেগে শেখ হাসিনার জন্য চিঠি
অসময়ের তরমুজ চাষে কৃষকের সাফল্য