নবীগঞ্জ থানার হাজতে ছাত্রলীগ নেতার ভিডিও ধারণ, সহযোগী গ্রে/প্তার
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

দায়িত্বে অবহেলায় ডিউটি অফিসার ও কনস্টেবলকে পুলিশ লাইনে প্রত্যাহার

নবীগঞ্জ থানার হাজতে ছাত্রলীগ নেতার ভিডিও ধারণ, সহযোগী গ্রে/প্তার

এম. মুজিবুর রহমান, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১০/২০২৬ ০৬:৫৭:৫৪ অপরাহ্ন

নবীগঞ্জ থানার হাজতে ছাত্রলীগ নেতার ভিডিও ধারণ, সহযোগী গ্রে/প্তার

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের নবীগঞ্জ থানার হাজতখানায় আটক ছাত্রলীগ নেতার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় শাহ জুয়েল নামে তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। একই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দায়িত্বে থাকা এক উপপরিদর্শক (এসআই) ও এক নারী কনস্টেবলকে হবিগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

পুলিশ ও থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের শাহ ফিরোজ মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা শাহ তপুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে থানার হাজতখানায় রাখা হয়।

এ সময় শাহ তপুর সহযোগী শাহ জুয়েল গোপনে থানায় প্রবেশ করে হাজতখানায় আটক শাহ তপুর ভিডিও ধারণ করেন। পরে ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ঘটনাটি পুলিশের নজরে আসার পর নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেনের নির্দেশনায় শাহ জুয়েলকে আটক করা হয়। তাঁর ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে পুলিশ। ফোনে শাহ তপুর ধারণ করা ভিডিওসহ সংশ্লিষ্ট আলামত পাওয়ার কথা জানিয়ে তাঁকে একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

থানার হাজতখানার মতো স্পর্শকাতর স্থানে একজন বহিরাগত কীভাবে প্রবেশ করে ভিডিও ধারণের সুযোগ পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাব্যবস্থা ও দায়িত্ব পালনে অবহেলার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেন জানান, হাজতখানার মতো স্পর্শকাতর স্থানে অনুমতি ছাড়া ভিডিও ধারণের ঘটনায় শাহ জুয়েলকে আটক করে একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার সময় দায়িত্বে থাকা এসআই মেহেদী হাসান ও কনস্টেবল আফসানা আক্তারকে হবিগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ