ছবি:সংগৃহীত
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, বিয়ার, ফেনসিডিলসহ প্রায় ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৭ নভেম্বর) রাতে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও ১৯ ব্যাটালিয়নের সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতাধীন বাংলাবাজার, বিছানাকান্দি, প্রতাপপুর ও উৎমা বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালান। এ সময় ভারতীয় মদ, বিয়ার, ফেনসিডিল, গরু, রসুন, কম্বল, ফল, টমেটো, আলু, প্রসাধনসামগ্রী, চিপস ও গাড়ির টায়ারসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ১৪ লাখ ৭০ হাজার ৪১০ টাকা। তবে এ অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।
অন্যদিকে, বিজিবি ১৯ ব্যাটালিয়নের আওতাধীন কানাইঘাটের সুরইঘাট বিওপির সদস্যরা শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাদশাবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯১ বোতল ভারতীয় মদ জব্দ করেন। এসব মদের সিজার মূল্য ১ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা।
বিজিবির প্রেসনোটে জানানো হয়, জব্দ করা পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
দুই ব্যাটালিয়নের অভিযানে জব্দ করা পণ্যের মোট সিজার মূল্য ১৬ লাখ ৬ হাজার ৯১০ টাকা।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




