ভোট গ্রহণ শুরু
সিলেট সিটি করপোরেশনে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে সিলেট সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশন জানিয়েছে, সিলেট সিটিতে ৩ হাজার ২০৪টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। ১ হাজার ৭৪৭টি সিসি ক্যামেরা দিয়ে সিলেট সিটির ভোট নির্বাচন ভবন থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে ভোট শুরুর আগে সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করতে থাকেন ভোটাররা।
নগরের নতুন যুক্ত হওয়া ৪২ নম্বর ওয়ার্ডের আল-জামেয়া আইডিয়াল একাডেমি কেন্দ্রে দেখা যায় সকাল সাড়ে সাতটা থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভোটাররা, এ কেন্দ্রে শুধু মাত্র পুরুষ ভোটাররা ভোট দেবেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সিলেট সিটিতে ১৯০টি ভোটকেন্দ্রের ১ হাজার ৩৬৭টি ভোটকক্ষে ৪ লাখ ৪৭ হাজার ৭৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ৫৪ হাজার ২৩৬ জন, মহিলা ভোটার ২ লাখ ৩৩ হাজার ৩৮৭ জন এবং ছয়জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
সিলেট সিটিতে মেয়র পদে ৮ জন, ৪২টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৯৪ জন এবং ১২টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান, বাংলাদেশ আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাকের পার্টির মো. জহিরুল আলম, স্বতন্ত্র মো. আব্দুল হানিফ, মো. ছালাহ উদ্দিন রিমন, মো. শাহ জাহান মিয়া এবং মোশতাক আহমেদ রউফ মোস্তফা।
জৈন্তাবার্তা/এমকে




