মাঠে নেমেছে সেনাবাহিনী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

মাঠে নেমেছে সেনাবাহিনী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০১/২০২৪ ০২:১৩:৫০ পূর্বাহ্ন

মাঠে নেমেছে সেনাবাহিনী

ফাইল ছবি


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী।

বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুসারে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’ এর আওতায় সশস্ত্র বাহিনী নিয়োজিত হয়েছে।

সেনাবাহিনী ভোটগ্রহণের আগে, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরে শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দেবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

নির্বাচনকালীন সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা, উপজেলা ও মেট্রোপলিটন এলাকার বিভিন্ন পয়েন্ট ও অন্য সুবিধাজনক স্থানে অবস্থান করবেন।

আইএসপিআর আরও জানায়, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুরোধক্রমে ও সমন্বয়ের মাধ্যমে বাহিনীগুলো এলাকাভিত্তিক মোতায়েন সম্পন্ন করছে। সেনাবাহিনী ৬২টি জেলায় নিয়োজিত হয়েছে। সমতলে সীমান্তবর্তী ৪৫টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। এ ছাড়া সীমান্তবর্তী ৪৭টি উপজেলায় সেনাবাহিনী বিজিবির সঙ্গে এবং উপকূলীয় চারটি উপজেলায় কোস্টগার্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে দায়িত্ব পালন করবে।

উপকূলীয় দুটি জেলাসহ (ভোলা ও বরগুনা) মোট ১৯টি উপজেলায় নৌবাহিনী দায়িত্ব পালন করবে। বিমানবাহিনী হেলিকপ্টারযোগে দুর্গম পার্বত্য অঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় হেলিকপ্টার সহায়তা দেবে। এ ছাড়া জরুরি প্রয়োজনে নির্বাচনী সহায়তা দিতে বিমানবাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

সশস্ত্র বাহিনী বিভাগে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ সমন্বয় সেল স্থাপন করা হয়েছে, যা ১০ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

আইএসপিআর জানিয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সহায়তা প্রদানে সশস্ত্র বাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

জাতীয় নির্বাচন ঘিরে ২৯ ডিসেম্বর থেকে সেনাবাহিনী মাঠে নামার কথা থাকলেও পরে তা পাঁচ দিন পিছিয়ে ৩ জানুয়ারি করা হয়। সশস্ত্র বাহিনী বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, ৩ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোট ৮ দিন সারাদেশে নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক