ঘরোয়া ক্রিকেটে গতির ঝড় তুলে জাতীয় দলে সুযোগ পাওয়া নাহিদ রানা দেশের জার্সিতেও একই রূপে হাজির হলেন। লঙ্কানদের বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে নেমেই ঘণ্টায় গড়ে ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করেছেন। কোনো কোনো বল ছুড়ছেন ঘণ্টায় ১৪৬.৩ কিলোমিটার গতিতেও।
যদিও গতির সঙ্গে দেদারসে রানও বিলিয়েছেন। টাইগার বোলারদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে খরুচেও তিনি। বিপরীতে অভিষেক উইকেটের অপেক্ষাটাও কেবল বাড়ছিল। অবশেষে উইকেটের গেরো খুললেন। সেই সঙ্গে ফেরালেন দুই সেঞ্চুরিয়ানকে।
সিলেটে বৃষ্টিস্নাত সবুজ উইকেটে টস হেরে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৫৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল শ্রীলঙ্কা। ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়ে ষষ্ঠ উইকেটে ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে দারুণ জুটি গড়েছিলেন কামিন্দু মেন্ডিস। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা লঙ্কান এই ব্যাটারকে ফিরিয়ে নিজের প্রথম উইকেট তুলে নেন নাহিদ রানা।
নাহিদের বাউন্সারে খোঁচা মেরে উইকেটরক্ষক লিটন কুমার দাসের গ্লাভসে তুলে দিয়েছিলেন কামিন্দু। ফেরার আগে ১১ চার ও ২ ছক্কায় ১২৭ বলে ১০২ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। তার বিদায়ে ভেঙেছে ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে গড়া ২০২ রানের জুটি।
জৈন্তাবার্তা/এমকে




