সংগৃহিত
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের আতাপুর গ্রামের পশ্চিমে সিলেট-ছাতক রেললাইনের রেলক্রসিং সংলগ্ন রেলের একটি পরিত্যক্ত সিগন্যাল কক্ষ থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার বিকেলে র্যাব-৯ এর একটি দল ঘটনাস্থল থেকে ককটেলগুলো উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার রাত সাড়ে ৮টায় স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই পরিত্যক্ত কক্ষে তিনটি ককটেল সদৃশ বস্তু দেখতে পান। পরে, তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে র্যাবকে অবহিত করে।
সোমবার বিকেলে র্যাব-৯ এর উপঅধিনায়ক মেজর আব্দুল মুকিত নাফিসের নেতৃত্বে ১৫ সদস্যের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে কক্ষটি ঘিরে রেখে হেড কোয়ার্টারকে অবগত করেন। পরে, বিকেল ৪টার দিকে র্যাব-৯ এর বোমা নিস্ক্রিয়কারী ইউনিটের উপসহকারী পরিচালক মশিউর রহমানের নেতৃত্বে র্যাবের হেডকোয়ার্টারের একটি বোম ডিসপোজাল ইউনিট এসে সেগুলো পরীক্ষানিরীক্ষা করে বিকেল ৫টার দিকে সবকটি ককটেল নিস্ক্রিয় করে।
র্যাব-৯ এর উপঅধিনায়ক মেজর আব্দুল মুকিত নাফিস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে হেড কোয়ার্টারকে অবহিত করি। পরে, আজ বিকেল ৪টার দিকে হেড কোয়ার্টার থেকে বোম ডিসপোজাল ইউনিট এসে ৫টার দিকে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
জৈন্তাবার্তা / সুলতানা




