প্রতীকী ছবি
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের পুরানগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে লাল মিয়া, ইউনূস মিয়া ও কাজল মিয়ার বসতঘরটি আগুনে পুড়ে যায়।
আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বাড়িগুলোতে বসবাসরত পরিবারের লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করেন। প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও তাতে সফল হননি।
খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্টেশন অফিসার সাঈদ হাসান শুভর নেতৃত্বে রাত দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দেড় ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে তিনটি বাড়ির ১৩টি শয়নকক্ষ, চারটি ডাইনিং রুম, রান্নাঘরসহ সব মালামাল পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুনে কেউ হতাহত না হলেও ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক।
জৈন্তা বার্তা/আরআর




