প্রতীকী ছবি
সিলেট নগরীর শাহপরান (রহ.) থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪৪ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়েছে। এর বাজারমূল্য প্রায় তিন লাখ ছাপ্পান্ন হাজার টাকা। এ সময় তিনটি পিকআপ ভ্যানসহ তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (১ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে শাহপরান (রহ.) থানার ওসির নেতৃত্বে এসআই সৈয়দ ফখরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স টিলাগড় পয়েন্টে বনফুল অ্যান্ড কোম্পানির সামনে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন নেভি ব্লু রঙের তিনটি ডিআই পিকআপকে থামার সংকেত দিলে দুটি পিকআপের চালক পালিয়ে যায়। তবে তিনটি পিকআপসহ তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটককৃত যানবাহনগুলোর নম্বর হলো— সিলেট মেট্রো-ন-১১-২২৮১, সিলেট মেট্রো-ন-১১-২০০৮ ও ঢাকা মেট্রো-ন-১৫-৬০৩২। এসব গাড়ি থেকে মোট ১৪৪ বস্তা ভারতীয় পেঁয়াজ উদ্ধার করা হয়। যার ওজন ৭ হাজার ৯২০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা।
এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জব্দকৃত পণ্য ও আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




