সিলেটের মোগলাবাজারে ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়ে বন্ধ হয়ে গিয়েছিল সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। প্রায় পৌনে ৩ ঘণ্টা পর বন্ধ থাকার পর রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল পৌনে ১০টায় দীর্ঘ অপেক্ষার পর মোগলাবাজার দিয়ে কালনী এক্সপ্রেস ছেড়ে যায়।
সিলেট রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, চট্টগ্রাম থেকে সিলেট আসার পথে উদয়ন এক্সপ্রেস মোগলাবাজারে ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। পরে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস, রেলওয়ে কর্মীরা ট্রেন লাইন মেরামত করে বিকল্প লাইনের মাধ্যমে ৪ ঘণ্টা পর সিলেট থেকে কালনী এক্সপ্রেস ছেড়ে যায়। এখন সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনাকবলিত উদয়ন এক্সপ্রেসের উদ্ধারকাজ চলমান রয়েছে।
এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে সিলেট আসার পথে মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
জৈন্তা বার্তা/আরআর




