ছবি : সংগৃহীত
সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এই অভিযান চালানো হয়।
জানা যায়, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী মেজিস্ট্রেট আশিক মাহমুদ কবীরের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানের শুরুতে তিনি অবৈধ স্থাপনা যারা বসিয়েছেন তাদের ২০ মিনিট সময় বেঁধে দেন স্থাপনা বা জিনিসপত্র সরিয়ে নেয়ার জন্য। ২০ মিনিটের মধ্যে বিভিন্ন দোকান ও অবৈধ স্থাপনার মালিকরা তাদের মালামাল সরিয়ে নেন। পরে বুলডোজার দিয়ে স্থাপনাগুলো গুঁড়িয়ে দেয়া হয়।
এর আগে গত ৭ অক্টোবর সিলেটের জেলা প্রশাসক ঘোষণা দিয়েছিলেন- সিলেটে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। বিশেষ করে রেলস্টেশনের আশেপাশে যেসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছে, সেগুলো শিগগির উচ্ছেদ করা হবে। এই ঘোষণার কয়েকদিনের মাথায় বৃহস্পতিবার এই অভিযান চালানো হলো।
জৈন্তা বার্তা/আরআর




