সিলেটের আদালতে সাংবাদিকের ‍ওপর আ*সামির হা*মলা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০০ PM

সিলেটের আদালতে সাংবাদিকের ‍ওপর আ*সামির হা*মলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/১০/২০২৫ ০৩:০৬:৪৮ PM

সিলেটের আদালতে সাংবাদিকের ‍ওপর আ*সামির হা*মলা

প্রতীকী ছবি


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সাদাপাথর লুটপাট মামলার অন্যতম আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আলফু মিয়া এবং তার ছেলে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সিলেট আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

জানা যায়, এদিন সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রথম আদালতে আলফু মিয়ার রিমান্ড শুনানি চলছিল। খবর সংগ্রহের জন্য সেখানে উপস্থিত ছিলেন ইমজা নিউজের সাংবাদিক নয়ন সরকার এবং সাংবাদিক বৃত্তসহ কয়েকজন স্থানীয় সংবাদকর্মী।

সাক্ষীদের বরাতে জানা গেছে, শুনানি চলার সময় হাতকড়া পরা অবস্থায় আলফু মিয়া পুলিশের সামনেই সাংবাদিক নয়ন সরকারের হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নেন। এ সময় তার ছেলে সাংবাদিক বৃত্তের ক্যামেরা ছিনিয়ে নিয়ে তাকে শারীরিকভাবে আঘাত করে। নয়নের সহকর্মীরা বাধা দিতে গেলে তাদের ওপরও হামলার চেষ্টা চালানো হয়।

অভিযোগ উঠেছে, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও তারা কোনো ব্যবস্থা নেননি।

সাংবাদিক নয়ন সরকার বলেন, আমি আদালতে নিউজ কাভার করছিলাম। হঠাৎ আলফু মিয়ার ছেলে আমার ওপর হামলা চালায়। এরপর হাতকড়া পরা অবস্থায় আলফু নিজেই আমার মোবাইলটি নিয়ে নেন। ঘটনাটি পুলিশের সামনেই ঘটেছে।

ঘটনার পর নয়ন সরকার বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন এবং তারা তদন্তের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

ইমজা নিউজের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আদালতের মতো নিরাপত্তাবেষ্টিত স্থানে সাংবাদিকের ওপর এমন হামলা চরম উদ্বেগজনক ও নিন্দনীয়। তারা অবিলম্বে তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তা/আরআর