আজ মইনুদ্দিন জালালের ৭ম মৃ*ত‍্যুবার্ষিকী
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:০৩ AM

আজ মইনুদ্দিন জালালের ৭ম মৃ*ত‍্যুবার্ষিকী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১০/২০২৫ ০২:২৫:৪১ PM

আজ মইনুদ্দিন জালালের ৭ম মৃ*ত‍্যুবার্ষিকী


আজ আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠনের সংগঠক, যুবরাজনীতিবিদ ও মানবিক চিন্তার সাহসী কণ্ঠস্বর অ্যাডভোকেট মইনুদ্দিন আহমদ জালালের সপ্তম মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের এই দিনে ভারতের শিলং সফরকালে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোকগমন করেন। 

অ্যাডভোকেট জালালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার সিলেটের দক্ষিণ সুরমার ধরাধরপুরে পারিবারিকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও প্রগতিশীল বিভিন্ন রাজনৈতিক সংগঠন ধরাধরপুর পারিবারিক কবরস্থানে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবে। একইসঙ্গে তাঁর পৈত্রিক নিবাস সুনামগঞ্জেও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

জালালের সহধর্মিণী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজিয়া চৌধুরী জানান, ‘রাজনৈতিক প্রেক্ষাপটে ঘরোয়া পরিসরে আমরা তাঁকে স্মরণ করছি। তাঁর চিন্তা ও দর্শনের আলোয় আমরা নতুন প্রজন্মের জন্য প্রেরণা খুঁজে পাই।’

তিনি আরও জানান, জালালের স্মৃতিতে ‘জালাল অন্তর’ নামে একটি স্মারক সংকলন প্রকাশ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর সুবিদবাজারের সিনেমুন রেস্টুরেন্টে ‘স্বপ্ন, মৃত্যু, ভালোবাসা’ শীর্ষক অনুষ্ঠানে এই সংকলনের উন্মোচন হবে।

জীবদ্দশায় মইনুদ্দিন আহমদ জালাল ছিলেন এক সাহসী, বিনয়ী ও চিন্তাশীল রাজনীতিক। তিনি বাংলাদেশ যুব ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি, প্রেসিডিয়াম সদস্য এবং সিলেট জেলা সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্নে তিনি আজীবন কাজ করে গেছেন।

আইন পেশায় তিনি ছিলেন সিলেট ও সুনামগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সদস্য। পাশাপাশি পরিবেশ ও নদী অধিকার আন্দোলনে তিনি রেখেছেন অনন্য ভূমিকা। আন্তর্জাতিক নদী অধিকার বিষয়ক সংগঠন ‘অঙ্গীকার বাংলাদেশ’–এর পরিচালক হিসেবে তিনি সীমান্ত পেরিয়ে জলবায়ু ন্যায়বিচারের বার্তা ছড়িয়ে দেন।

জালাল ছিলেন এক সত্যিকারের বিশ্বনাগরিক। পৃথিবীর ৩২টি দেশে ৬২টি আন্তর্জাতিক যুব উৎসবে অংশগ্রহণ করেছেন তিনি। আন্তর্জাতিক পরিমণ্ডলে যুব-আন্দোলনের প্রতিনিধিত্ব করে তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মের সম্ভাবনা ও চিন্তার শক্তিকে তুলে ধরেছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে দেশে-বিদেশে শোকের ছায়া নেমে এসেছিল। 

২০১৯ সালে তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক উজ্জ্বল মেহেদীর তত্ত্বাবধানে ও আব্দুল আলীম শাহের নির্মাণে প্রকাশিত হয় তথ্যচিত্র ‘দেখবো তোমারে...’, যেখানে তাঁর কর্মমুখর জীবন ও দর্শন ফুটে ওঠে। তথ্যচিত্রটি বর্তমানে ইউটিউবে সংরক্ষিত আছে, যা নতুন প্রজন্মের কাছে তাঁর প্রেরণাদায়ক জীবন তুলে ধরছে।

অ্যাডভোকেট মইনুদ্দিন আহমদ জালাল ছিলেন এমন এক মানুষ, যিনি রাজনীতি ও মানবতার মধ্যে সেতুবন্ধন রচনা করেছিলেন। তাঁর চিন্তা, সততা ও নিঃস্বার্থ দেশপ্রেম আজও অনেকের প্রেরণার উৎস।

আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে পরিবার, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীরা তাঁকে স্মরণ করছে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়। যে মানুষ মৃত্যুর পরও প্রেরণা জাগান; অ্যাডভোকেট মইনুদ্দিন আহমদ জালাল নিঃসন্দেহে তাঁদের একজন।

জৈন্তা বার্তা/আরআর