সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ২০টি অবৈধ ভারতীয় কম্বলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- গোয়াইনঘাটের মোনাটিলা গ্রামের গোলাম রহমানের ছেলে মো. ইয়াছিন (৩৬) এবং নন্দীরগাঁও ইউনিয়নের আঙ্গারজুর গ্রামের তাজু উদ্দিনের ছেলে ইমাম উদ্দিন (১৮)।
পুলিশ জানায়, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এয়ারপোর্ট থানাধীন বড়শলা বাইপাস পয়েন্ট সংলগ্ন ফরেস্ট্রি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের গেটের সামনে চেকপোস্ট স্থাপনকালে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী হিমাদ্রী গেট লক সার্ভিস বাসে তল্লাশি চালিয়ে পুলিশ দুই যাত্রীকে আটক করে। তাদের হেফাজত থেকে ২০টি ভারতীয় কম্বল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
জৈন্তা বার্তা/আরআর




