ছবি: নিজস্ব
বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসন। এই আসনটি গুম হওয়া বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর আসন হিসেবেই পরিচিত। সিলেটের রাজনীতিতে এই আসনটির আলাদা গুরুত্ব রয়েছে। অতীতে এই আসন থেকে আওয়ামী লীগ ৪ বার, বিএনপি ২ বার, জাতীয় পার্টি ২ বার, গণফোরাম এবং গণতন্ত্রী পার্টির প্রার্থী একবার করে বিজয়ী হয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চান নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা এবং বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
অন্যদিকে একক প্রার্থী ঘোষণা দিয়ে মাঠে রয়েছে জামায়াত, জমিয়ত, খেলাফত মজলিশসহ ইসলামপন্থী দলগুলো। এ আসনে জামায়েতে ইসলামীর প্রার্থী হয়েছেন জেলার নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, জমিয়তে উলামায়ে ইসলাম থেকে মাওলানা হুসাইন আহমদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন আমীর উদ্দিন। এ ছাড়াও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহŸায়ক এহতেশাম হক নির্বাচন করবেন বলে গুঞ্জন রয়েছে।
এ বিষয়ে ধানের শীষ প্রত্যাশী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘ইলিয়াস আলী গুমের পর দলীয় চেয়ারপারসনের নির্দেশে আমি মাঠে নামি। এক যুগের বেশি সময় ধরে আমি মাঠে কাজ করছি। নেতাকর্মীরা আমার পাশে রয়েছে।’
তিনি বলেন, ‘এই আসনের মানুষ আমার সঙ্গে আছে। আমার স্বামীর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার দায়িত্ব আমি নিতে চাই।’ তবে অপর মনোনয়নপ্রত্যাশী হুমায়ুন কবির দেশের বাইরে অবস্থান করায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জামায়েতে ইসলামীর প্রার্থী জেলার নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান বলেন, ‘দল আমাকে প্রার্থী ঘোষণা করেছে। আমি মাঠে কাজ করছি। মানুষ পরিবর্তন চায়। সুষ্ঠু ভোট হলে দাঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবে না।’
খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেন, ‘আমি এর আগেও ভোট করেছি তবে এবার শুরুতেই ব্যাপক সাড়া পাচ্ছি। আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে দুঃখে পাশে রয়েছি। আশা করছি মানুষ এবার খেলাফত মজলিশকে ভোট আমাকে এলাকার উন্নয়ন করার সুযোগ দেবেন।’
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক এহতেশাম হক বলেন, ‘আমি মাঠে কাজ করছি। দলের মনোনয়ন চাইব দল যদি সুযোগ দেয়ে অবশ্যই নির্বাচন করব।’
জৈন্তাবার্তা / মনোয়ার




