ছবি:সংগৃহীত
বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে এক গুরুত্বপূর্ণ ঘোষণা জারি করা হয়েছে। এতে জানানো হয়েছে, জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করা বাধ্যতামূলক। একই সঙ্গে আগামী ৭ দিনের মধ্যে ১ বছরের কম বয়সী সব শিশুর জন্ম নিবন্ধন এবং মৃত্যুবরণকারী ব্যক্তিদের মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
ঘোষণায় আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে ১ বছর বয়সের পর শিশুর জন্ম নিবন্ধন বা ব্যক্তির মৃত্যু নিবন্ধন করা সম্ভব হবে না। জন্ম নিবন্ধন সনদ ছাড়া টিকা গ্রহণ, স্কুলে ভর্তি, পাসপোর্ট তৈরিসহ বিভিন্ন নাগরিক কার্যক্রমও সম্পন্ন করা যাবে না।
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মুস্তফা মুন্না বলেন,`নাগরিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো জন্ম ও মৃত্যু নিবন্ধন। সরকার এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। আমরা চাই- বিয়ানীবাজারের প্রতিটি নাগরিক সময়মতো এই দায়িত্ব পালন করুন।'
তিনি আরও জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়নভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।`আগামী ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে গিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। এই প্রক্রিয়া সহজ এবং বিনামূল্যে করা যায় শুধু সচেতন হতে হবে, যোগ করেন ইউএনও।
উপজেলা প্রশাসন জানিয়েছে, আদেশটি সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে জারি করা হয়েছে।
প্রশাসনের এই পদক্ষেপের লক্ষ্য- বিয়ানীবাজারে জন্ম ও মৃত্যু নিবন্ধনের শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করা এবং নাগরিক সেবা প্রাপ্তিতে স্বচ্ছতা ও সহজতা বৃদ্ধি করা।
Jainta Barta/Wadud




