সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের কাটাগাং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ৪টি মহিষসহ একটি রেজিস্ট্রেশনবিহীন ডিআই পিকআপ জব্দ করেছে তামাবিল হাইওয়ে থানার পুলিশ। এ ঘটনায় পিকআপের চালককে গ্রেপ্তার করা হয়েছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে এসআই মো. নাজমুল হকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স জনৈক কবির মিয়ার দোকানের সামনে অভিযান চালিয়ে পিকআপটি জব্দ করে।
পরে তল্লাশি চালিয়ে পিকআপের ভেতর থেকে ভারতীয় ৪টি মহিষ উদ্ধার করা হয়। প্রতিটি মহিষের আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা। সে হিসেবে মোট মূল্য দাঁড়ায় ৬ লক্ষ টাকা সমপরিমাণ ।
এ সময় পিকআপের চালক কামাল হোসেনকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলার হেমুদত্তপাড়া গ্রামের নুরুল হকের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি জানান, জব্দকৃত মহিষ ও গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
জৈন্তা বার্তা/আরআর




