ছবি:সংগৃহীত
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘এ অঞ্চলে ধানের শীষকে বিজয়ী করে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে উপহার দিতে পারলে আমরা এ জনপদকে একটি উন্নয়নশীল, শান্তিময় ও নিরাপদ এলাকায় রূপান্তরিত করব।’
তিনি আরও বলেন, ‘জনগণ পরিবর্তন চায়, উন্নয়ন চায়, শান্তি চায়- আর ধানের শীষই সেই পরিবর্তন ও অগ্রগতির প্রতীক।’
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিনব্যাপী ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের চাতলপার বাজার, নুরপুর বাজার, বাংলা বাজার, কালনীর চর বাজার, দক্ষিণ তাজপুর ও সাদিপুর এলাকায় ধারাবাহিক গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
পুরুষ ও নারীদের সঙ্গে মতবিনিময়ের সময় স্থানীয়দের বিভিন্ন দুর্ভোগ, সমস্যা ও প্রয়োজনের কথা তিনি মনোযোগ দিয়ে শোনেন। বিশেষ করে কালনীর চর বাজার এলাকার ভয়াবহ নদীভাঙন পরিদর্শন করে তিনি বলেন,
“আমি বিজয়ী হলে নদীভাঙন রোধে স্থায়ী প্রকল্প গ্রহণ এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মইনুল হক চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




